২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের স্বার্থ রক্ষার জন্যই ২৯ ডিসেম্বরের নির্বাচন হয়েছে: মাহমুদুর রহমান

টিপাইমুখ নিয়ে এক আলোচনা সভায় সাবেক জ্বালানি উপদেষ্টা প্রকৌশলী মাহমুদুর রহমান বলেছেন, ২৯ ডিসেম্বরের নির্বাচন এবং 'এক/এগারোর সরকার' সম্পূর্ণ পরিকল্পিত। এবং প্রতিবেশী ভারতের স্বার্থ রক্ষার জন্যই তা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

চট্টগ্রাম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- টিপাইমুখ নিয়ে এক আলোচনা সভায় সাবেক জ্বালানি উপদেষ্টা প্রকৌশলী মাহমুদুর রহমান বলেছেন, ২৯ ডিসেম্বরের নির্বাচন এবং 'এক/এগারোর সরকার' সম্পূর্ণ পরিকল্পিত। এবং প্রতিবেশী ভারতের স্বার্থ রক্ষার জন্যই তা করা হয়েছে। টিপাইমুখে বাঁধ নির্মাণ এবং এশিয়ান হাইওয়ের নামে ভারতকে 'করিডোর দেওয়ার' মধ্য দিয়ে সে ষড়যন্ত্র সুষ্পষ্টভাবে প্রমাণিত হয়েছে বলে দাবি করেন কট্টর বিএনপিপন্থী এই পেশাজীবী। বৃহস্পতিবার বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত 'বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন, রাষ্ট্রীয় নিরাপত্তা :টিপাই মুখ ও এশিয়ান হাইওয়ে' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমানের ধারণা, দক্ষিণ এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করে আধিপত্য বিস্তারের জন্য 'সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র' ভারতকে দায়িত্ব দিয়েছে। তিনি বলেন, "টিপাইমুখে বাঁধ নির্মাণ এবং এশিয়ান হাইওয়ের নামে 'ইন্ডিয়ান হাইওয়ে' নির্মাণের অনুমতি দিয়ে বর্তমান সরকার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিকিয়ে দিচ্ছে। টিপাইমুখ নিয়ে বর্তমান সরকারের মন্ত্রীদের বক্তব্য শুনলে মনে হয় তারা যেন এদেশের মন্ত্রী নন।' ফাউন্ডেশনের সভাপতি ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হাসান মোহাম্মদ, ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ও তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম দোলন, বিএনপি নেতা এরশাদ উল্লাহ, শামসুল আলম, অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী, আসলাম চৌধুরী, অ্যাডভোকেট নাজিমউদ্দিন চৌধুরী প্রমুখ। সভায় অন্যান্য বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, টিপাইমুখ বাঁধ এবং এশিয়ান হাইওয়ের নামে 'ইন্ডিয়ান হাইওয়ে' নির্মাণ বন্ধ করা না হলে মহাজোটের মহা বিজয় মহাপ্রলয়ে পরিণত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসকে/২২১০ঘ.