চট্টগ্রাম, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবগঠিত আহবায়ক কমিটি নিয়ে মহানগর বিএনপির বিক্ষুব্ধ একটি অংশ বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিক্ষোভকারীরা নতুন কমিটির আহবায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রত্যাখান করে তার কুশপুত্তলিকাও দাহ করে।
নতুন আহবায়ক কমিটিতে দলের ত্যাগী নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন না করায় তারা সমাবেশ থেকে শিগগিরই কমিটি পুনর্গঠনের জন্য দলীয় চেয়ারপার্সনের প্রতি আহবান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন তারা।
বৃহস্পতিবার বিকেলে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপির মধ্যম সারির বেশ কয়েকজন নেতা ও তিন/চার শ' কর্মী উপস্থিত ছিলেন। বিক্ষুব্ধ অংশের নেতারা বিতর্কিত ব্যক্তিদের কমিটি থেকে বাদ দিয়ে দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করার দাবি জানান।
সমাবেশ শেষে নেতা-কর্মীরা মিছিল করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমবেত হয়। সেখানে তারা নতুন নগর কমিটির আহবায়ক ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে।
নগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ১/১১-এর সুবিধা ভোগী ও সংস্কারপন্থী নেতাদের নিয়েই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। দলের দুঃসময়ে যারা হাল ধরেছিলেন তাদের কর্মকাণ্ডের মূল্যায়ন করা হয়নি।
সমাবেশে নগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এম এ ছবুর ও আবদুস সাত্তার ছাড়াও গিয়াস উদ্দিন মৃধা, আজম উদ্দিন, নাজিমুর রহমান, ইউছুফ জামান, এস কে খোদা তোতন, মোশাররফ হোসেন দীপ্তি প্রমূখ বক্তৃতা দেন।
৫১ সদস্যের নতুন আহবায়ক কমিটিতে দলের মধ্যম সারির বেশ কয়েকজন নেতার বাদ পড়া নিয়ে বিএনপির একটি অংশ এ সপ্তাহে চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাদের মতামত জানিয়েছেন। সে সময় ক্ষোভও প্রকাশ করেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিআর/২১২৩ ঘ.
bdnews24