২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীপু মনির বিপরীত কথা বললেন সৈয়দ আশরাফ

টিপাইমুখ ইস্যুতে বক্তব্য দিয়ে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেননি বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মুখপাত্র ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---টিপাইমুখ ইস্যুতে বক্তব্য দিয়ে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেননি বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মুখপাত্র ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার রাজধানীতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ অভিমত দেন। বুধবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেন যে, টিপাইমুখ ও এ সূত্রে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে ভারতীয় রাষ্ট্রদূত শিষ্টাচার লংঘন করেছেন। কূটনীতিকদের কিছু সীমাবদ্ধতা থাকার কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, "আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি মনে করি, তিনি (পিনাক) হয়তো সেই সীমারেখা মানেননি।" স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি'র পক্ষ থেকে পিনাক রঞ্জন চক্রবর্তীকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার দাবি নাকচ করে দেওয়ার ইঙ্গিত দেন। বিষয়টি নিয়ে 'তালগোল' না পাকিয়ে দুই দেশের সম্পর্কোন্নয়নের বিষয়ে জোর দেওয়ার আহ্বান জানান সৈয়দ আশরাফুল। ভারতীয় হাইকমিশনার পিনাক চক্রবর্তী 'হয়তো' কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন- পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের বিষয়ে তার মত জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, "আমি তা মনে করি না।" সৈয়দ আশরাফ যোগ করেন, "এ বিষয়টি নিয়ে তালগোল পাকানোর কোনো মানে হয় না। বরং দুই দেশের সম্পর্কের উন্নয়নে সবারই জোর দেওয়া উচিত।" তিনি বলেন, এদেশে ভারতীয়, ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশের রাষ্ট্রদূত 'খোলামেলা আলোচনা' করেন, তাদের মতামত দেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিএনপির পক্ষে ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার দাবি জানানো হয়। গত ২১ জুন ঢাকায় দীপু মনির উপস্থিতিতে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির এক সেমিনারে ভারতীয় হাইকমিশনার টিপাইমুখ বাঁধের বিরোধিতার জন্য বিএনপিসহ বাংলাদেশের রাজনৈতিক মহল ও বিশেষজ্ঞদের সমালোচনা করেন। বাংলাদেশ-ভারত গঙ্গার পানি বন্টন চুক্তির বিরোধিতা এবং ভারতবিরোধী বক্তব্য দেওয়ার জন্য বিএনপি নেতৃত্বাধীন জোটের তীব্র সমালোচনা করে পিনাক বলেন, "এসবের উদ্দেশ্য হলো রাজনৈতিক ফায়দা লোটা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২১৪৩ঘ.