রাজশাহী, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মহানগর বিএনপি নেতা শফিকুল হক মিলন এবং মহানগর ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ সুইটের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশ।
অন্যথায় তারা গণপদত্যাগের হুমকি দিয়েছে।
রাজশাহীর একটি প্রেসক্লাবে বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা যুবদল সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন এক লিখিত বক্তব্য আগামী সাতদিনের মধ্যে বহিস্কারাদেশ প্রত্যাহারের চুড়ান্ত সময়সীমা বেঁধে দেন। অন্যাথায় রাজশাহী বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের সব পর্যায়ের নেতা-কর্মী গণপদত্যাগ করবে বলে তিনি জানিয়ে দেন।
গত ২৭ জুন রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর জাসাস আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীকে লক্ষ্য করে পচা ডিম এবং ড্রেনের পানি ছুড়ে মারা হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিকুল হক মিলন ও মহানগর ছাত্রদল সভাপতি আবুল কালাম আজাদ সুইটকে বহিস্কার করার সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে খন্দকার মিজানুর রহমান খোকন লিখিত বক্তব্যে বলেন, রিজভী আহমেদ বহিরাগত কিছু সন্ত্রাসীর হাতে লাঞ্ছিত হন। ওই ঘটনার কোন তদন্ত না করেই মিলন ও সুইটকে দল থেকে বহিস্কারের কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ সেদিন ঘটনাস্থলে মিলন উপস্থিত ছিলেন না। এছাড়া বহিস্কারের আগে দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি।
তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং বহিস্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য দলীয় চেয়ারপার্সনের প্রতি লিখিত বক্তব্যে অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শফিকুল হক মিলন ও আবুল কালাম আজাদ সুইটসহ জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক নজরুল হুদা, মহানগর বিএনপি যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান পিন্টু, নওশাদুর রহমান, শামসুজ্জামান বকুল, সহিদুন নাহার কাজী হেনা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর রবিউল আলম মিলু, বিএনপি নেতা মোক্তার হোসেন, আব্দুল মতিন, এমএ আলম, জেলা ছাত্রদল সম্পাদক মোজাদ্দেদ জামানী সুমন, শাহ মখদুম থানা যুবদল সম্পাদক জসিম উদ্দিন, রাজপাড়া থানা সভাপতি শাহনুর ইসলাম মিঠু এবং শাহ মখদুম থানা সম্পাদক শামীমুর রহমান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/২১২৭ ঘ.
bdnews24