২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ প্রতিনিধি দলে ৫ জন বিশেষজ্ঞ নেওয়ার শর্ত বিএনপির

টিপাইমুখে বাঁধ পর্যবেক্ষণে সংসদীয় প্রতিনিধি দলে পাঁচ জন বিশেষজ্ঞ অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়েছে বিএনপি। রোববার দলটি বলছে, এ প্রস্তাব মেনে নিলে তারা পানিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে নিজেদের অন্তর্ভুক্ত করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 08:18 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে বাঁধ পর্যবেক্ষণে সংসদীয় প্রতিনিধি দলে পাঁচ জন বিশেষজ্ঞ অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়েছে বিএনপি। রোববার দলটি বলছে, এ প্রস্তাব মেনে নিলে তারা পানিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে নিজেদের অন্তর্ভুক্ত করবে। ভারতের টিপাইমুখ বাঁধের প্রতিক্রিয়া নিয়ে দেশে বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করে আসছে। এর পরিপ্রেক্ষিতে সংসদীয় একটি প্রতিনিধি দল টিপাইমুখ যাচ্ছে। পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গত বুধবার সচিবালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিনিধি দলে শুধু পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্যরাই থাকবেন। ওই কমিটিতে চারদলীয় জোটের পক্ষে বিএনপির কোনও প্রতিনিধি নেই। এছাড়া থাকবেন দুই বিশেষজ্ঞ। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক রোববার সংসদ ভবনে সাংবাদিকদের বলেন, "নিরপেক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে সংসদীয় দল পাঠানো হলে বিএনপি এতে অংশ নিতে রাজি আছে। বিশেষজ্ঞ ছাড়া সংসদীয় দল পাঠানো হলে তা অর্থহীন হবে। এ রকম প্রতিনিধি দলে শরিক হওয়া বিএনপির পক্ষে সম্ভব হবে না।'' বিএনপির প্রস্তাবিত পাঁচ বিশেষজ্ঞ হলেন, ড. আইনুন নিশাত, ড. মোস্তাফিজুর রহমান তরফদার, ড. এম এ রব, সাবেক সচিব আসাফুদ্দৌলা এবং অধ্যাপক আফিস নজরুল। টিপাইমুখে বাঁধের প্রতিক্রিয়া বাংলাদেশে ভয়াবহ হবে- এ আশঙ্কার কথা জানিয়ে জয়নাল আবদিন বলেন, "এটি ফারাক্কার বাঁধের মতো মরণ ফাঁদ হয়ে দেখা দেবে। এই বাঁধের কারণে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল মরুভূমিতে পরিণত হবে। একই সঙ্গে উত্তর-পূর্ব দিকে স্পর্শকাতর এলাকায় বড় ধরনের ভূমিকম্প হতে পারে।" ভারতের এই বাঁধ নির্মাণের বিরুদ্ধে বর্তমান সরকার প্রতিবাদ করছে না অভিযোগ করে এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় চিফ হুইপ। তিনি বলেন, "টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে দেশের মানুষ, বিশেষজ্ঞরা সোচ্চার হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে জনগণ ও বিশেষজ্ঞরাও একই অবস্থান নিয়েছে।" জয়নুল আবদিন জানান, পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিএনপির একজন প্রতিনিধির নাম চেয়ে চিঠি দিয়েছেন। এ বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, "আমরা যুক্তিসঙ্গত বিষয়ে সরকারকে সহযোগিতা করতে চাই। নিরপেক্ষ বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করে প্রতিনিধি দল পাঠানো হলে আমরা অবশ্যই সংসদীয় প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত হব। কিন্তু তা না হলে প্রতিনিধি দলে যাওয়া অর্থহীন।" জয়নুল আবদিন জানান, তাদের প্রস্তাবিত বিশেষজ্ঞদের না নেওয়া হলে সংসদীয় কমিটিতে বিএনপি অন্তর্ভুক্ত হবে না। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জয়নুল আবদিনের সঙ্গে ছিলেন সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, মাহবুবউদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নীলফার চৌধুরী মনি ও আসিফা আশরাফি পাপিয়া। ২০০৩ সালে ভারত সরকার বরাক নদীতে টিপাইমুখ বাঁধ নির্মাণের কাজ শুরু করে। এ নদী সুরমা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এ বাঁধ বাংলাদেশের সিলেট অঞ্চলে পরিবেশ বিপর্যয় ঘটাতে পারে বলে বিশেষজ্ঞরাসহ অনেক রাজনৈতিক দল বলে আসছে। তবে নয়াদিল্লির পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের উজানে পানির সহজলভ্যতার ক্ষেত্রে এ প্রকল্প কোনও বাধা হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১৪ ঘ.