২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ফারুক খান

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি শুক্রবার বলেছেন, "ইতিহাস বিকৃত করে যারা মুক্তিযুদ্ধ এবং এর চেতনার বিপক্ষে অবস্থা নিয়েছে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2009, 08:47 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি শুক্রবার বলেছেন, "ইতিহাস বিকৃত করে যারা মুক্তিযুদ্ধ এবং এর চেতনার বিপক্ষে অবস্থা নিয়েছে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।" শিশু একাডেমিতে বঙ্গবন্ধু শিশু একাডেমির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী শিশু সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফারুক খান। বাণিজ্যমন্ত্রী বলেন, "বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান না থাকলে আজ আমরা স্বাধীন দেশ পেতাম না। লাল-সবুজ পতাকা উড়ত না। তাই আমি আজকের শিশুদের প্রতি আহ্বান জানাব, বঙ্গবন্ধুর মত বুদ্ধিমান, দূরদর্শী এবং সাহসী নেতা হিসেবে নিজেদের তৈরি কর।" অনুষ্ঠানে বিডিআরের পুনর্গঠনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, "বিডিআরের নতুন নাম, পোশাক, স্লোগান ইত্যাদি পরিবর্তন নিয়ে বিভিন্ন প্রস্তাব এসেছে। আলোচনা চলছে, অল্প কিছু দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত বিভিন্ন তদন্ত কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ফারুক খান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, "দীর্ঘ দিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে। যারা প্রকৃত ইতিহাস জেনেও তা করেছেন তারা জ্ঞান পাপী। ওই জ্ঞান পাপীদের স্থান এদেশে হতে পারে না।" শিশুদের সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় একটি করে বঙ্গবন্ধু শিশু একাডেমির প্রতিষ্ঠা করা দরকার বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম, মার্কস গ্র"পের চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ। আরেফিন সিদ্দিক বলেন, "শিশুরা দেশের ভবিষ্যত। শিশুদের যদি ভালো মানসিকতার নাগরিক হিসেবে গড়ে তোলা যায়, তাহলে দেশও এগিয়ে যাবে। তাই শিশুদের জন্য বিনিয়োগ বাড়াতে হবে। এ বিনিয়োগ শুধু অর্থেরই নয়, তা হতে পারে শ্রম, সম্পদ ও সময়।" একটি শোভাযাত্রার মধ্য দিয়ে শিশু উৎসব শুরু হয়। এটি শিশু একাডেমির মুক্তমঞ্চ থেকে দোয়েল চত্বর ঘুরে পুনরায় একাডেমিকে গিয়ে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৪৫০ ঘ.