ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তাদের স্থায়ী গঠনতন্ত্র নির্বাচনে কমিশনে জমা না দিলে 'কারণ দর্শানো' নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা এ কথা বলেন।
তিনি বলেন, "রাজনৈতিক দলের নিবন্ধনবিধি অনুযায়ী দলগুলোকে ২৫ জুলাইয়ের মধ্যে তাদের স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে হবে। ব্যর্থ হলে 'কেন নিবন্ধন বাতিল করা হবে না'- এমন নোটিশ দেওয়া হবে।"
তবে সময় বাড়ানোর আবেদন করা হলে ইসি তা বিবেচনা করবে বলেও জানান তিনি।
নবম সংসদ নির্বাচনের আগে ৩৯টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে সংশোধিত অস্থায়ী গঠনতন্ত্র জমা দিয়ে নিবন্ধন করে।
বিধি অনুযায়ী, সংসদ অধিবেশন শুরুর ছয় মাসের মধ্যে দলীয় কাউন্সিলে অস্থায়ী গঠনতন্ত্র অনুমোদন করে তা ইসিতে জমা দিতে হবে। ২৫ জুলাই শেষ হবে ওই সময়সীমা।
সিইসি জানান, প্রধান দলগুলো ইতোমধ্যে গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়ানোর কথা বললেও আনুষ্ঠানিক কোনো আবেদন করা হয়নি। সময় বাড়াতে সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ নিতে হবে।
এক প্রশ্নের জবাবে এটিএম শামসুল হুদা জানান, সোমবার থেকে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। তবে এই হালনাগাদ তালিকা দিয়ে এ বছর কোনো নির্বাচন করা সম্ভব হবে না।
তিনি বলেন, "হালনাগাদ ভোটার তালিকা ২০১০ সালের জানুয়ারির আগে চূড়ান্ত হবে না। এজন্য এ বছর ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্ভব হবে না। তবে আইন হাতে পেলে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন ডিসেম্বরের শেষ দিকে করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে বিদ্যমান ভোটার তালিকা দিয়ে তা করতে হবে।"
শামসুল হুদা জানান, আট কোটি ১০ লাখের মতো ভোটারের ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদানে ৪১৭ কোটি ৯০ লাখ ৪৩ হাজার টাকা ব্যয় হয়েছে। এরমধ্যে দাতা সংস্থার ২১৫ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকা, বাংলাদেশ সরকারের ১৪২ কোটি ৯৭ লাখ ৯২ হাজার টাকা এবং রাজস্ব খাত থেকে ৫৯ কোটি ২ লাখ ৮১ হাজার টাকা এসেছে।
এক প্রশ্নের জবাবে সিইসি জানান, এবার ভোটার তালিকা হালনাগাদের জন্য ৩০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এইচএ/২০৩০ ঘ.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি
bdnews24