চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে হাতাহাতি করে আলোচিত চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগের সাংসদ ও চট্টগ্রামের ব্যবসায়ী নেতা এম এ লতিফ।
রোববার বিকাল ৪টায় তিনি সিঙ্গাপুরের পথে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়েন।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি লতিফের বড় ভাইয়ের ছেলে মামুন রাশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার পুলিশ ও ছাত্রলীগের প্রহারে চাচা (লতিফ) গুরুতর আহত হন। তিনি হাতে, বুকে ও শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পেয়েছেন।
"তার মাথায় রক্ত জমেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে।"
মামুন জানান, সাংসদ লতিফ প্রথমে ঢাকা যাবেন এবং সেখান থেকে রাত সাড়ে আটটায় তিনি সিঙ্গাপুর রওনা হবেন।
গত শুক্রবার ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (ডব্লিউটিসিসি) এর কমিটি গঠন ও কার্যালয়ে ঢোকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সাংসদ লতিফ। এরপর তিনি সাড়ে চার ঘণ্টার বেশি সময় ধরে ডব্লিউটিসিসি কার্যালয়ের সামনের মেঝেতে শুয়ে থেকে নতুন কমিটির দায়িত্বভার গ্রহণের প্রতিবাদ করেন।
তার প্রতিবাদ অগ্রাহ্য করে নৌ পরিবহনমন্ত্রী আফছারুল আমীন ও সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে ডব্লিউটিসিসির নতুন কমিটি দায়িত্বভার নেয়।
আগ্রাবাদ কাদেরী চেম্বারে সংস্থার কার্যালয়ে সভা শেষের ১৫ মিনিট আগে মন্ত্রী ও মেয়রের সঙ্গে আসা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা জোরপূর্বক পাঁচতলা থেকে নিচে নামানোর সময় তাকে মারধোর করে আহত করেছে বলে লতিফ অভিযোগ করেন।
তিনি আরও অভিযোগ করেন, ওই সময় পুলিশও তাকে রাইফেল ও লাঠি দিয়ে পিটিয়েছে এবং বুট দিয়ে লাথি মেরেছে।
তবে পুলিশের অভিযোগ, সাংসদ লতিফই তাদের ওপর চঢ়াও হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএম/এমআই/১৭৪৯ ঘ.
bdnews24