২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের কাছে বিরোধী দলের চেয়ে একটি আসন বড়: মোশাররফ

সংসদে আসন বণ্টন নিয়ে অসন্তোষের কথা পুনরায় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারি দলের কাছে বিরোধী দলের চেয়ে একটি আসনই এখন বড় হয়ে গেছে। রাজধানীর সেগুনবাগিচায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে রোববার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 09:48 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে আসন বণ্টন নিয়ে অসন্তোষের কথা পুনরায় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারি দলের কাছে বিরোধী দলের চেয়ে একটি আসনই এখন বড় হয়ে গেছে। রাজধানীর সেগুনবাগিচায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে রোববার সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিএনপিতে কোনও বিরোধ নেই দাবি করে মোশাররফ বলেন, আহ্বায়ক কমিটি নিয়ে স্থানীয় পর্যায়ে চলমান বিরোধও শিগগির মিটে যাবে। সংসদের সামনের সারিতে আরেকটি আসন বরাদ্দের দাবিতে বিএনপি সংসদ অধিবেশন বর্জন করে আসছে। চলতি বাজেট অধিবেশনেও যোগ দেয়নি তারা। মোশাররফ হোসেন বলেন, "বিএনপি সংসদে যেতে চায়। কিন্তু সরকারি দল অহেতুক এমন পরিবেশ সৃষ্টি করছে, যাতে বিরোধী দল সংসদে না আসে। "সরকারি দলের কাছে বিরোধী দলের চেয়ে প্রথম সারিতে একটি আসন বড় হয়ে গেছে।" সরকারি দলের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ''তাদের (আওয়ামী লীগ) অনেক আসন সংসদে। তাহলে বিরোধী দলের সারিতে এক আসনই বড়, না বিরোধী দলের উপস্থিতি তাদের জন্য প্রয়োজন?" ৭১টি সাংগঠনিক জেলায় বিএনপির আহবায়ক কমিটি ঘোষণার পর স্থানীয় পর্যায়ে অসন্তোষের প্রকাশ ঘটছে। এ বিষয়ে মোশাররফ বলেন, ''দলে কোনও বিরোধ নেই। আহবায়ক কমিটি ঘিরে কোথাও কোথাও নেতৃত্বে প্রতিযোগিতার কারণে সাময়িক বিরোধ দেখা দিয়েছে। তা শিগগিরই মিটে যাবে।" দলের মহাসচিব পরিবর্তন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা চেয়ারপারসনের এখতিয়ার। মহাসচিব তিনি নিয়োগ দেন। তা পরিবর্তন করতে হলে চেয়ারপারসনই করবেন। তবে কাউন্সিলের মাধ্যমে মহাসচিব নিয়োগের প্রস্তাব এলে আমি তা স্বাগত জানাব।" মোশাররফ জানান, টিপাইমুখে বাঁধ নির্মাণে দেশের পরিবেশ ও মানুষ কেমন ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে- সে বিষয়ে একটি প্রামাণ্য চিত্র তৈরি করবে বিএনপি। এটা দেশ-বিদেশে জনমত গড়ে তুলতে সাহায্য করবে। শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে টিপাইমুখে বাঁধ ও এশিয়ান হাইওয়ে নির্মাণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/১৫৪৫ ঘ.