ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট স্থানীয় শিল্পের বিকাশকে উৎসাহিত করবে বলে মনে করেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি মীর নাসির হোসেন।
বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট ঘোষণার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বাজেটে শিল্পায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একদিকে মৌলিক শিল্পের কাঁচামালের ওপর শুল্ক হার কমানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে তৈরি পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। এতে স্থানীয় শিল্পের বিকাশ ঘটবে।"
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে দেশি শিল্প প্রতিষ্ঠান যাতে আরো বেশি প্রতিযোগিতা করতে পারে সেজন্য ২০০৯-১০ অর্থ বছরের বাজেটে মৌলিক কাঁচামালের ওপর শুল্ক হার ৭ শতাংশ থেকে ৫ শতাংশে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে নিউজপ্রিন্ট, গুঁড়োদুধ, জুতা, স্যুটকেস, ব্যাগসহ চামড়াজাত পণ্য, তৈরি সিরামিক পণ্য, পার্টিকেল বোর্ড, হার্ডবোড, প্লাইউড, মশার কয়েল, ইমিটেশন জুয়েলারিসহ বিভিন্ন পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ খাতের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করেন মীর নাসির।
২০১৩ সালের মধ্যে ২,৮১০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে বলে বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে।
নজিরবিহীন এক উদ্যোগে ১০ শতাংশ হারে কর দিয়ে কোনো প্রশ্ন ছাড়া টানা তিন বছর ধরে অপ্রদর্শিত আয়কে বৈধ করার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। ১০ শতাংশ হারে কর দিয়ে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প, টেক্সটাইল, স্পিনিং, ওষুধ ও চামড়াজাত পণ্যসহ মোট ৪২টি খাতে বিনিয়োগ করলে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর আগে বছরওয়ারি ভিত্তিতে এ ধরনের সুযোগ দেওয়া হতো।
নদী বা সমুদ্র বন্দর, কন্টেইনার টার্মিনাল, অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো, অথবা কন্টেইনার ফ্রেইট স্টেশন, মনোরেল, এলিভেটেড রোড, পাতাল রেলপথ নির্মাণসহ ভৌত অবকাঠামো খাতে বিনিয়োগের ক্ষেত্রেও একই হারে কর দিয়ে অপ্রদর্শিত আয়কে বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে নতুন প্রস্তাবিত বাজেটে।
কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার ব্যাপারে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি বলেন, "নৈতিকতার দিক দিয়ে এ ব্যাপারে প্রশ্ন থাকলেও অপ্রদর্শিত আয়কে মূল ধারায় ফিরিয়ে আনতে পারলে ভালোই হবে।"
প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ৩৪ হাজার ৩৫৮ কোটি টাকা। এ ঘাটতি পূরণে দেশি ব্যাংক থেকে ১৬ হাজার ৭৫৫ কোটি টাকা নেবে সরকার।
দেশের ব্যাংক থেকে এ অর্থ সংগ্রহ করলে ব্যাংগুলোর ওপর চাপ বাড়বে বলে মন্তব্য করেন মীর নাসির হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিআর/০০৪৫ ঘ.
bdnews24