ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন জেলায় বিএনপির আহবায়ক কমিটি নিয়ে নেতা-কর্মীরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। কোথাও কোথাও কমিটি প্রত্যাখ্যান করে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। কোনো কোনো জেলায় নতুন কমিটি থেকে পদত্যাগের ঘটনাও ঘটেছে।
এর মধ্যে পাবনায় বিএনপি'র দু'গ্র"পের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। দল থেকে বহিষ্কার করা হয়েছে জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মিন্টুকে।
চাঁপাইনবাবগঞ্জে নতুন কমিটির যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ হারুন পদত্যাগ করেছেন।
মঙ্গলবার কেন্দ্র থেকে ৭১ জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো খবর-
পাবনা: পাবনায় বিএনপি'র আহবায়ক কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার দু'গ্র"পের মধ্যে সংঘর্ষে জেলা দলের সাবেক সভাপতি ও পৌর মেয়রসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
গত মঙ্গলবার পাবনাসহ সারাদেশের ৭১ জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
দলীয় শৃঙ্খলাভঙ্গে অভিযোগে জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র কামরুল হাসান মিন্টুকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্দিনে আমরাই দলের হাল ধরেছি। গঠনতন্ত্র অনুযায়ী এভাবে আমাকে বহিষ্কার করতে পারে না। যারা আমাদের এজেন্ট বলছে তারাই আওয়ামী লীগের এজেন্ট।"
স্থায়ী কমিটির সিদ্ধান্ত ছাড়া বহিষ্কার অগণতান্ত্রিক বলেও দাবে করেন তিনি।
আহতদের মধ্যে জেলা কমিটির সাবেক সভাপতি কে এস মাহমুদ ও পৌর মেয়র কামরুলসহ সাতজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পাবনার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট নিজাম উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকাল ১১টার দিকে নতুন আহবায়ক কমিটি জেলা বিএনপি কার্যালয়ে সমবেত হয়ে মিছিল ও সমাবেশের প্রস্তুতি নেয়। এ সময় আগের (বিলুপ্ত) কমিটির বিপুল সংখ্যক নেতা কর্মী সেখানে সমবেত হয়ে কার্যালয় দখলের দখলের চেষ্টা করলে দু'গ্র"পের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে শহরের আব্দুল হামিদ সড়কের সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে র্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি কার্যালয়ের সামনে এবং শহরের বিভিন্ন পয়েন্টে র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।
দুপুরের পর জেলা বিএনপির নতুন আহবায়ক হাবিবুর রহমান তোতার নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলের পর এক সাংবাদ সম্মেলনে হাবিবুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গ করে নেতা-কর্মীদের দলের স্বার্থ বিরোধী উস্কানি দেওয়ার অভিযোগে জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ সময় তিনি সাংবাদিকদের দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশের চিঠি কপি দেন।
তিনি অভিযোগ করেন, যারা মিছিলে হামলা হালিয়েছে তারা দলের ভেতর ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের এজেন্ট।
পঞ্চগড়: মো. মোজাহার হোসেনের সমন্বয়ে আহবায়ক কমিটি করায় পঞ্চগড়ের তৃণমূল নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা এই কমিটিকে প্রত্যাখ্যান করে কমিটি সদস্যদের অবাঞ্ছিত ঘোষণা করে গণপদত্যাগসহ বিভিন্ন কর্মসূচির ডাক দিয়েছেন।
বুধবার রাতে তেঁতুলিয়া সড়কে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ নেতাকর্মীরা এ ঘোষণা দেন।
দলের সদ্য বিলুপ্ত জেলা সভাপতি মো. মোজাহার হোসেনকে আহবায়ক করে নয় সদস্যের কমিটি ঘোষণা করার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে সদ্য বিলুপ্ত জেলা সহসভাপতি জাকির হোসেন বলেন, সংস্কারপন্থি, দুর্নীতিবাজ ও তোষামদকারীদের নিয়ে ঘোষিত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত দুই আড়াই বছর ধরে দলের নেতাকর্মীদের সঙ্গে কমিটির অধিকাংশ সদস্যের কোনো সম্পর্ক ছিল না।
অবিলম্বে ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি পুনর্গঠন করা না হলে তিনি নবগঠিত কমিটির সদস্যদের অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেন।
অন্যান্যের মধ্যে দলের জেলা প্রচার সম্পাদক মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাসাস সাধারণ সম্পাদক শেখ ইউনুস আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এসএম সালেহ লিটন বক্তব্য রাখেন।
মাদারীপুর: মাদারীপুর কমিটিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো সিনিয়র ত্যাগী নেতার নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মজিবুল হক তপনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় নেতারা ক্ষোভ প্রকাশ করেন।
সভায় ফোরাম নেতারা বলেন, কমিটিতে যাদের রাখা হয়েছে তাদের দু'একজন বাদে সবাই ঢাকায় বসবাস করে। দলের ত্যাগী ও মাঠ পর্যায়ের নেতাদের যুগ্ম সম্পাদক পদেও কমিটিতে রাখা হয় নাই।
এর ফলে জেলা বিএনপি'র কার্যক্রম স্থাবির হয়ে পড়বে বলে মন্তব্য করেন ফোরাম নেতারা।
সভায় অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সাইফুর রহমান, মোশারফ হোসেন শিকদার, বদিউজ্জামান, আবুল হাসান সোহেলসহ প্রমুখ ফোরাম নেতারা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ: নতুন কমিটি নিয়ে বিক্ষুব্ধ একই কমিটির যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ হারুন পদত্যাগ করেছেন।
বুধবার রাতে তিনি চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বরাবর তার পদত্যাগপত্র পাঠান।
নতুন কমিটিতে শাহজাহান মিয়াকে আহবায়ক করায় হারুনুর রশিদ হারুন পদত্যাগ করেছেন বলে তিনি পদত্যাগ পত্রে উল্লেখ করেন।
পদত্যাগ পত্রে তিনি আরও বলেন, যে ৯ জন নিয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে তাদের মধ্যে ডা. মিজানুর রহমান, খুরশিদ আলম বাচ্চু, আমিনুল ইসলাম ও রোকসানা বেগমের ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে কোনো সদস্য পদ নেই।
এ ব্যাপারে হারুনুর রশিদ বলেন, প্রত্যাশা মতো কমিটি না হওয়ায় তিনি পদত্যাগ করেছেন।
নতুন কমিটির আহবায়ক শাহজাহান মিয়া এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।
নওগাঁ: নওগাঁর নতুন আহবায়ক কমিটি স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রত্যাখ্যান করেছে।
নির্যাতিত, ত্যাগী ও যোগ্য নেতা-কর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদীদের দিয়ে গঠিত কমিটি নিয়ে দলকে শক্তিশালী করা সম্ভব নয় বলে জানান তারা।
জেলার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সনি নতুন কমিটির যুগ্ম আহবায়কের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
বৃহস্পতিবার দুপুরে শহরে বিএনপি নেতা জালাল আহম্মেদ বকুলের বাসভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ ব্রিফিংয়ে সাবেক জেলা সভাপতি জালাল আহম্মেদ বকুল, সাবেক সহ-সভাপতি জহিরুল হক স্বপন, বদরুল আলম নয়ন, সাবেক সাধারণ সম্পাদক শহিদুুল ইসলাম টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে রয়েছেন আহ্বায়ক সামসুজ্জোহা খান এবং যুগ্ম আহ্বায়ক সামছুল আলম প্রামানিক, আব্দুল লতিফ খান, নাজমুল হক সনি, আনোয়ার হোসেন বুলু ও এজেডএম রফিকুল আলম।
বরিশাল: নবগছিত কমিটিকে প্রত্যাখ্যান করে দুঃসময়ের পরীক্ষিত ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান বরিশালের নেতারা।
বুধবার বিকেলে নগরীর একটি চাইনিজ রেস্তোরাঁয় সংবাদ সন্মেলনে বিলুপ্ত জেলা ও মহানগর কমিটির নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিলুপ্ত দক্ষিণ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ওয়ান ইলেভেনের পর সংস্কারপন্থি বনে যাওয়া বাকেরগঞ্জের আবুল হোসেন খানকে দক্ষিণ জেলা বিএনপি'র ১নম্বর এবং ফেরদৌস আহমেদ কোরেশীর পিডিপি'র বরিশাল বিভাগীয় সমন্বয়কারীর দায়িত্ব পাওয়া এস. সরফিুদ্দন সান্টুকে ২নম্বর যুগ্ম আহবায়ক করা হয়েছে।
দুঃসময়ে দায়িত্ব পালনকারী প্রবীন নেতা এএইচএম সালেহ আহমেদকে নতুন আহবায়ক কমিটিতে স্থান না দেওয়ারও সমালোচনা করেন লিখিত বক্তব্যে।
সংবাদ সম্মেলনে সাবেক জেলা সহ-সভাপতি এএইচএম সালেহ আহমেদ, মহানগরীর সম্পাদক আসাদুজ্জামান খসরু, কোতয়ালি থানা সভাপতি আজিজুল হক আক্কাস, সম্পাদক শেখ আ. রহিম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
তাদের এই দাবির সঙ্গে জেলা ও মহানগরের ৮০ শতাংশ নেতা-কর্মী একমত পোষণ করেন বলে সন্মেলনে জানানো হয়।
বরগুনা: বরগুনায় নতুন আহবায়ক মতিয়ার রহমান তালুকদারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রদল নেতা-কর্মীরা।
মঙ্গলবার কমিটি ঘোষণার পর রাতে বিক্ষোভ মিছিল শেষে তারা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।
সমাবেশে জেলা ছাত্রদল সভাপতি রেজবুল কবির, সাধারণ সম্পাদক কে এম সফিকুজ্জামান মাহফুজ, সহ-সভাপতি মুরাদুজ্জামান টিপন, সহ-সভাপতি মাইনুল হাসান লিটন, থানা ছাত্রদল সভাপতি তারেকুজ্জামান টিটু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩৫ ঘ.
bdnews24