ঢ্কাা,জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে পাকিস্তানকে 'নাক না গলানোর' পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। এমনকি তিনি এক সপ্তাহের মধ্যেই বিচার প্রক্রিয়া শুরুর জন্য আইন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনায় দলের সভাপতিমণ্ডলীর এ সদস্য এ কথা বলেন।
আলোচনায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদের উপনেতা সাজেদা চৌধুরী বলেন,"যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে। তার সঙ্গে তাদের সঙ্গীদেরও বিচার করতে হবে।"
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন,"পাকিস্তানের একজন অতিরিক্ত সচিব নাকি বলেছে যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে না, এতে নাকি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে। কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই বাঙালি একবার যা বলে তা করেই ছাড়ে। আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই।"
তিনি পাকিস্তানের উদ্দেশে বলেন," খবরদার, এ ব্যাপারে আপনারা নাক গলাবেন না।"
পাকিস্তানের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অতিরিক্ত সচিব মাসুদ খালিদ শনিবার ইসলামাবাদে সফররত বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন।
দুই দেশের সম্পর্ক 'শীতল করে দেওয়ার মতো' কিছু করা হবে না বলেও আশা প্রকাশ করেন ওই কর্মকর্তা।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন,"সংসদে সর্বসম্মতভাবে যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, সুতরাং বিচার হবেই। কারণ এখন আইনগতভাবেও এ বিষয়ে দায়বদ্ধ।"
সরকার গঠনের পাঁচ মাসেও বিচার প্রক্রিয়া শুরু না করায় আইন মন্ত্রণালয়ের সমালোচনা করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এ সভাপতি বলেন," আগামী এক সপ্তাহের মধ্যে বিচারের প্রক্রিয়া শুরু করুন।"
যুদ্ধাপরাধের বিচার করাসহ বিভিন্ন নির্বাচনী অঙ্গীকার করে ক্ষমতায় আসার পর সরকার প্রথমে বেশ জোরে শোরে শিগগিরই বিচার প্রক্রিয়া শুরুর কথা বললেও দৃশ্যত এখন তা একটু থিতিয়ে গেছে। সরকারের দায়িত্বশীল অনেকে বলেছেন, যথাযথ প্রস্তুতি নিয়ে অগ্রসর হতেই তারা একটু ধীরে অগ্রসর হচ্ছেন।
সাজেদা চৌধুরী আরও বলেন," আওয়ামী লীগের দিন বদলের সংগ্রামে আজ পদে পদে বাধা দেওয়া হচ্ছে। এসব বাধা অতিক্রম করে দিন বদলের সংগ্রামে এগিয়ে যেতে হবে।"
সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা সবাই ঐতিহাসিক ছয় দফা দিবসের ওপর গুরুত্বরোপ করেন। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নুর ও উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল।
সভায় আওয়ামী লীগের মুখপাত্র ও এলজিইডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি সভায় যাননি।
১৯৬৬ সালের ৭ জুন তদানীন্তন পূর্ব পাকিস্তানের বৈষম্যের শিকার বাঙালিদের 'মুক্তির সনদ' হিসেবে পরিচিত হয়ে ওঠা ৬ দফা দাবি আদায়ে ঢাকাসহ সারা বাংলায় আওয়ামী লীগের ডাকে পালিত হয় হরতাল। সে দিন ঢাকা, নারায়ণগঞ্জ ও টঙ্গিতে পাকিস্তানি বাহিনীর গুলিতে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ বেশ কয়েকজন নিহত হয়। স্বায়ত্তশাসনের দাবির এই আন্দোলনের পথ ধরেই আসে বাংলাদেশের স্বাধীনতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২০৩৯ঘ.
bdnews24