২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের মদদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: মওদুদ

সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 09:00 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। রোববার 'আইনশৃঙ্খলার অবনতি : উদ্বেগ ও উৎকণ্ঠা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। মওদুদ বলেন, ''গত পাঁচ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সরকারের মন্ত্রীরাই এ কথা বলে বেড়াচ্ছেন। সরকারের প্রভাবশালী নেতা-কর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সন্ত্রাসীরা দখল, চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছু করে যাচ্ছে। তাদের সন্ত্রাসে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। প্রতিকারের কোনও ব্যবস্থা কিংবা উদ্যোগ নেই। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র ভয়াবহ।'' জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড পিস স্ট্যাডিজ আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই আইনমন্ত্রী সরকারের পাঁচ মাসের ব্যর্থতার চিত্র তুলে ধরেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার ইফতেখার জুনায়েদ। সরকারের সমালোচনা করে মওদুদ বলেন, ''সরকার তার দলীয় কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের সামাল দিতে ব্যর্থ হয়েছে। ১৯৯৬ সালের আওয়ামী শাসনামলের চেয়ে এবার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২০০১ সালে এই আইনশৃঙ্খলার অবনতির কারণেই আওয়ামী লীগের ভরাডুবি হয়েছিল।'' তিনি 'ক্রসফায়ার' এর নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে বলেন, ''ক্রসফায়ারে হত্যার বিষয়ে বর্তমান সরকারের মন্ত্রীরা নানা রকম কথা বলছেন। আমাদের সময়ে এ রকম হত্যার বিষয়ে তারা কঠোর সমালোচনা করেছিলেন। এখন তারা সেই হত্যার সমালোচনা করছেন না। বর্তমানে ক্রসফায়ারের নামে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।'' সাবেক এই আইনমন্ত্রী পুলিশকে নির্ভয়ে ও রাজনীতির ঊর্ধ্বে রেখে কাজ করতে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পিলখানার ঘটনার সরকারি তদন্ত প্রতিবেদনকে 'হাস্যকর' অভিহিত করে তদন্ত কমিটির সদস্যদের দেওয়া ভাতার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনার দাবি জানান মওদুদ। এ সম্পর্কে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগের সচেতন মহলও ওই প্রতিবেদন গ্রহণ করেনি। বর্তমান সরকারের মন্ত্রীদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেতা বলেন, এমন সব আনকোরা ব্যক্তিদের মন্ত্রী করা হয়েছে যাদের দিয়ে সরকার পরিচালনা সম্ভব নয়। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকেও ওইসব মন্ত্রীদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এম হামিদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রধান শফিউল আলম প্রধান, জামায়াতে ইসলামীর নেতা রফিকুল ইসলাম খান, সাংবাদিক সাদেক খান, মোদাব্বের হোসাইন, এসএইচ চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএম/এইচএ/১৫০০ ঘ.