ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিরোধী দল বিএনপিকে সংসদে ফিরে আসার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
শনিবার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের মুখপাত্র স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে চার ঘণ্টা ধরে বৈঠক চলে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে আশরাফ বলেন, "সংসদে বিএনপি'র অনুপস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। কারণ, বিরোধী দলকে নিয়েই সরকার সংসদ কার্যকর করতে চায়।"
বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানান তিনি।
আসন পুনর্বিন্যাস নিয়ে বিরোধের জের ধরে গত ৪ জুন শুরু হওয়া সংসদের বাজেট অধিবেশনে যোগ দেয়নি বিএনপি।
বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহে সংসদীয় দলের সভায় সংসদে যোগ দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি প্রথম সারিতে বিএনপিকে প্রতিশ্রতি অনুযায়ী 'সন্মানজনক' আসন দেওয়ার জন্য স্পিকারের প্রতি আবারও অনুরোধ জানান।
আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের এ বৈঠকে সরকারের গত পাঁচ মাসের কর্মকাণ্ড, দলের জাতীয় কাউন্সিল, ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী, বিরোধী দলের সংসদ বর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আশরাফ।
আওয়ামী লীগ মুখপাত্র সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শিগগিরই বিডিআরের ঘটনার বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন।
ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণের বিতর্কিত উদ্যোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "টিপাইমুখ বাঁধের বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও বিশেষজ্ঞদের মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
২৩ জুন দলের ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান আশরাফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৮৩০ ঘ.
bdnews24