ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার বাদী কাজী তাজুল ইসলাম ফারুকের বিরুদ্ধে বৃহস্পতিবার একটি প্রতারণার মামলা হয়েছে। শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
ওয়েস্টমন্ট অফশোর বাংলাদেশ লিমিটেডের লোকাল অ্যাডভাইজার ও কনসালট্যান্ট আলী আক্কাছ নূরানী বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে প্রতারণামূলক অর্থ আত্মসাৎ ও প্রাণ নাশের হুমকির অভিযোগ এনে ওই মামলা দায়ের করেন।
পরে মহানগর হাকিম কনিকা বিশ্বাস গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ফারুক ওয়েস্টমন্ট অফশোর কোম্পানির মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মি. সেও কাইসিংকে ভুল বুঝিয়ে বাদীর প্রাপ্য ১ মিলিয়ন ডলার সার্ভিস ফি তুলে নিয়ে তা আত্মসাৎ করেছেন।
পরে টাকা চাইতে গেলে ফারুক সন্ত্রাসীদের দিয়ে বাদীর বাড়িতে ডাকাতি এবং তাকে প্রাণ নাশের হুমকি দেয়।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট দুলাল মিত্র, পি. কে আব্দুর রব ও মাহবুবুর উল হক।
২০০৮ সালের ১০ এপ্রিল তাজুল ইসলাম তেজগাঁও থানায় হাসিনার বিরুদ্ধে ৩ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। এর পর গত বছরের ২৩ ডিসেম্বর তিনি এ মামলা প্রত্যাহার করে নেন।
গত ৪ জানুয়ারি মুখ্য মহানগর হাকিম তানিয়া কামাল মামলার অভিযোগ থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/১৮৩৮ ঘ.
bdnews24