২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালের নির্মাণকাজে যুব ও ছাত্রলীগের বিরুদ্ধে 'টেণ্ডারবাজির' অভিযোগ

বগুড়া, সিরাজগঞ্জ ও গাইবান্ধায় তিনটি হাসপাতালে নতুন স্থাপনা নির্মাণের দ্বিতীয় দফা টেন্ডারেও সরকারি দলের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। আলোচ্য কাজটি হচ্ছে বার্ড ফ্লু আক্রান্ত রোগীদের আইসোলেশন ইউনিট নির্মাণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 07:03 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

বগুড়া, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া, সিরাজগঞ্জ ও গাইবান্ধায় তিনটি হাসপাতালে নতুন স্থাপনা নির্মাণের দ্বিতীয় দফা টেন্ডারেও সরকারি দলের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। আলোচ্য কাজটি হচ্ছে বার্ড ফ্লু আক্রান্ত রোগীদের আইসোলেশন ইউনিট নির্মাণ। স্ব^াস্থ্য মন্ত্রণালয়ের অধীন কনসট্রাকশন মেইনটেন্যান্স এন্ড ম্যানেজমেন্ট ইউনিটের (সিএমএমইউ) বগুড়া বিভাগ গত ১৪ মে ৩টি গ্রুপে দ্বিতীয় দফা টেন্ডার আহবান করে। মঙ্গলবার ছিল শিডিউল জমা দেওয়ার শেষ দিন। কয়েকজন ঠিকাদার অভিযোগ করেছেন, প্রভাবশালী তিনজন ঠিকাদারের পক্ষ নিয়ে যুব ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মঙ্গলবার সকাল থেকেই বগুড়া সিএমএমইউ কার্যালয় এবং সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। তারা শিডিউল জমা দিতে আসা সাধারণ ঠিকাদারদের বাধা দেয়। এর আগে প্রথম দফা টেন্ডারে ৩টি গ্রুপে মাত্র ৯টি সিডিউল জমা পড়ায় সেটি বাতিল করা হয়। মণ্ডল কনস্ট্রাকশনের পক্ষে শিডিউল জমা দিতে এসে ফিরে যাওয়া হিটলু নামের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি টেন্ডারের শিডিউল জমা দিতে গেলে ছাত্রলীগ ও যুবলীগের কিছু কর্মী বাধা দেওয়ায় জমা দিতে পারিনি।" অনন্তবালা ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী এমআর ইসলাম স্বাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বগুড়ার কাজে আমি সর্বনিম্ন দরদাতা হয়েছি। কিন্তু যুব ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মী একটি কাগজে আমার ম্যানেজারের স্বাক্ষর নিয়ে গেছে। ওই কাগজে লেখা আছে-আমি আমার টেন্ডার শিডিউল প্রত্যাহার করে নিচ্ছি।" বিষয়টি তিনি সিএমএমইউ এর বগুড়ার নির্বাহী প্রকৌশলী একেএম মাজহারুল হককে জানিয়েছেন বলে জানান। নির্বাহী প্রকৌশলী একেএম মাজহারুল হক বলেন, ৩টি গ্রুপের জন্য বিক্রি করা ১০০টি শিডিউলের বিপরীতে বগুড়ার জন্য ১৩টি, গাইবান্ধার ৯টি এবং সিরাজগঞ্জ হাসপাতালের জন্য ৮টি শিডিউল জমা পড়েছে। শিডিউল জমা দিতে বাধা দেওয়ার ব্যাপারে কেউ তার কাছে অভিযোগ করেননি বলে জানান মাজহারুল হক। বগুড়া জেলা যুবলীগ সভাপতি মঞ্জুরুল আলম মোহন এবং ছাত্রলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন দাবি করেন, তাদের সংগঠনের কোনো সদস্য টেন্ডারবাজির সঙ্গে সম্পৃক্ত নন। বার্ড ফ্লুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বগুড়া মোহাম্মদ আলী ও গাইবান্ধা সদর হাসপাতালে দু'টি ইউনিট নির্মাণে ৩৪ লাখ টাকা করে প্রায় ৬৮ লাখ টাকা ব্যয় ধরা হয়। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ইউনিটের জন্য ব্যয় ধরা হয়েছে ২২ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৫ঘ.