ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংসদের সামনের সারির আসন বন্টন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির মধ্যে বিরোধের অবসান এখনো ঘটেনি। অথচ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার।
স্পিকার আব্দুল হামিদ বলেন, বিএনপি তাদের জন্য সাতটি আসন চাইছে। কিন্তু ক্ষমতাসীন দল বিরোধী দলকে সামনের সারির নয় আসনের মধ্য থেকে বড়জোর পাঁচটি আসন ছেড়ে দিতে রাজি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার স্পিকার বলেন, "আসন বন্টন নিয়ে বিরোধ মীমাংসার জন্য আমি ক্ষমতাসীন ও বিরোধী উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছি।"
ক্ষমতাসীনরা পাঁচটি আসন ছেড়ে দিতে রাজি হয়েছে। কিন্তু বিএনপি সাতটি আসন চাইছে বলে তিনি জানান।
স্পিকার বলেন, "আমি আশা করছি এই বিরোধের মীমাংসা হবে।"
সংসদের কার্যবিধি অনুযায়ী, সময়ে সময়ে স্পিকারের আসন পুনর্বিন্যাসের ক্ষমতা রয়েছে।
সামনের সারিতে আসন বাড়াতে স্পিকারের আগের অঙ্গীকার বাস্তবায়নের জন্য বিএনপি এরই মধ্যে তার কাছে অনুরোধ করেছে। স্পিকার তার অঙ্গীকার বাস্তবায়ন না করলে তারা সংসদ বর্জন করবে বলেও পরোক্ষভাবে আভাস দিয়েছে।
বর্তমানে বিরোধীদলের বেঞ্চে সামনের সারিতে বিএনপির চারটি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির একটি আসন রয়েছে।
স্পিকার আব্দুল হামিদ বিএনপির সামনের সারির আটটি আসন থেকে কমিয়ে চারটি করলে ২৮ জানুয়ারি থেকে প্রধান বিরোধী দল সংসদ অধিবেশন বর্জন শুরু করে।
বাজেট অধিবেশনে আরো আসন দেওয়া হবে বলে আব্দুল হামিদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা ২৩ ফেব্র"য়ারি সংসদে ফিরে আসে।
বিদায়ী স্পিকার জমিরউদ্দিন সরকার সামনের ও দ্বিতীয় সারির সব আসনই বিরোধী দলের জন্য বরাদ্দ করেছিলেন।
কিন্তু আওয়ামী লীগ এ ব্যাপারে আপত্তি তুলে বলেছে, আসনসংখ্যার অনুপাতে বিএনপি কোনোভাবেই তিনটির বেশি আসন পেতে পারে না। কেননা তারা মোট তিন শ' আসনের মধ্যে মাত্র ত্রিশটি পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এসকে/২৩৩৩ঘ.
bdnews24