ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ ৬ জুন থেকে আগামী ২৩ জুন পর্যন্ত ছুটিতে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তানজীমের পদত্যাগের গুঞ্জনের মধ্যে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা জানালেন। সাহারা বলেন, পদত্যাগের বিষয়টি তার জানা নেই।
সচিবালয়ে নিজ কক্ষে সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, "তানজিম আহমেদ ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটির আবেদন করেছেন। আমি তাতে অনুমোদন দিয়েছি।"
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ পদত্যাগ করেছেন বলে সোমবার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে কথা বলতে চাইলে বিডিনিউজের পক্ষ থেকে তানজিম আহমেদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তার ফোন বন্ধ ছিল।
এমনকি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু সফল হননি।
সাহারা খাতুন সোমবার রাত ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার তানজিম আহমেদের সঙ্গে আমার সর্বশেষ দেখা হয়। এরপর থেকে তার সঙ্গে আর দেখা হয়নি।"
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তানজিম আহমেদ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবনে দেখা করেন। তারা প্রায় দেড় ঘণ্টা ধরে আলোচনা করেন।
তাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১২৪০ ঘ.
bdnews24