২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি নিয়ে খালেদার রিটের শুনানি মঙ্গলবার দুপুর পর্যন্ত মুলতবি

সেনানিবাসের বাড়ি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা রিটের শুনানি মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। খালেদা জিয়ার সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ মুলতবির এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 05:45 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের বাড়ি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা রিটের শুনানি মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। খালেদা জিয়ার সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ মুলতবির এ আদেশ দেন। খালেদা জিয়ার প্রধান কৌঁসুলি টিএইচ খান আদালতে একদিনের সময় আবেদন করে বলেন, "সরকার বাড়ি ছাড়ার জন্য রোববার খালেদাকে তৃতীয় দফা নোটিশ দিয়েছে। নোটিশটি এ আদালতে উপস্থাপন করা প্রয়োজন। এজন্য হলফনামা দায়ের করতে হবে। তাই সময়ের প্রয়োজন।" সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও একদিনের সময় আবেদন করেন। এরপর আদালত মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত রিটের শুনানি মুলতবি করে। এসময় ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ বিএনপি সমর্থক বেশ কিছু আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে সরকার গত ২০ এপ্রিল ১৫ দিনের মধ্যে বাড়িটি ছেড়ে দিতে প্রথম নোটিশ দেয়। এরপর গত ৭ মে একটি সম্পূরক নোটিশ পাঠানো হয় তাকে। সরকারের অভিযোগ, বাড়িটির বরাদ্দ যথাযথ প্রক্রিয়ায় হয়নি। এজন্য বরাদ্দ বাতিল করা হয়েছে। বাড়ি ছাড়ার নোটিশ চ্যালেঞ্জ করে খালেদা জিয়া ৩ মে হাইকোর্টে রিট করেন। পর পর চারটি বেঞ্চ শুনানিতে বিব্রত হয়ে অপারগতা প্রকাশ করার পর গত ১২ মে হাইকোর্টের এই বেঞ্চ খালেদার রিটটি শুনানির জন্য গ্রহণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১১৪৯ ঘ.