ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চীনের নতুন রাষ্ট্রদূত চাং শিয়ান্য়ি বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতের পর নতুন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, '' দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে। এর গোড়াপত্তন হয়েছিল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে।"
বাংলাদেশের সঙ্গে চীনের দ্বি-পাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন নতুন রাষ্ট্রদূত। সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত তাদের বৈঠক চলে।
সাক্ষাতের সময়ে চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন,'' চীনের রাষ্ট্রদূত নতুন দায়িত্বভার নিয়েছেন। এটা তার প্রথম সৌজন্য সাক্ষাৎ ছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, চীন বাংলাদেশের একজন ভাল ও পরীক্ষিত বন্ধু। আর্ন্তজাতিক ক্ষেত্রেও তাদের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চীনের সঙ্গে বাংলাদেশের এই বন্ধুত্ব অদূর ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১২৬ঘ.
bdnews24