ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর ছাড়া সারাদেশের ৭৪টি সাংগঠনিক জেলায় নতুন আহবায়ক কমিটি চূড়ান্ত করেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
এ সপ্তাহেই কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর মধ্য দিয়ে আগের কমিটিগুলো বিলুপ্ত হয়ে গেল।"
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে শনিবার থেকে সোমবার পর্যন্ত কয়েক দফা বৈঠকের পর জেলা কমিটিগুলো চূড়ান্ত হয়। নতুন জেলা কমিটি উপজেলা কমিটিগুলো পুনর্গঠন করবে। এভাবে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি পুনর্গঠন হবে। এরপর জুলাইয়ে জাতীয় সম্মেলনের লক্ষ্য ধরে এগোচ্ছে বিএনপি।
খন্দকার মোশাররফ বলেন, ''ঢাকা মহানগর ছাড়া সব জেলায় নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়ে গেছে। এ সপ্তাহেই ওই সব কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কদের নাম ঘোষণা করা হবে।''
তিনি বলেন, ''শনিবার রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলো এবং পরের দুই দিন চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোর কমিটি চূড়ান্ত হয়। ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটি এখনো করা হয়নি।''
ছয়টি মহানগরসহ বিএনপির সাংগঠনিক জেলার সংখ্যা ৭৫।
মোশাররফ বলেন, '' দলকে তৃণমূল পর্যায় থেকে পুনর্গঠনের লক্ষ্যে সব স্তরে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের দায়িত্ব হবে ৫১ সদস্যের কমিটি করা। তারা তিন মাসের মধ্যে কাউন্সিল করে নির্বাচিত কমিটি গঠন করবেন।''
জুলাই মাসের মধ্যে জাতীয় সম্মেলন (কাউন্সিল) করার লক্ষ্য নিয়ে দল পুনর্গঠনের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ''জুলাই মাসের মধ্যে জাতীয় কাউন্সিল করার নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে। তা সম্ভব না হলে আমরা কমিশনের কাছে সময় পেছানোর আবেদন জানাব।''
সব স্তরে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে পুনর্গঠনের চলমান উদ্যোগের কথা তুলে ধরে ড. মোশাররফ বলেন, ''৬টি সাংগঠনিক কমিটির প্রতিবেদন ও তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য চলতি বছরকে আমরা সাংগঠনিক বর্ষ হিসেবে বিবেচনা করছি।''
তিনি আরও জানান, জেলা আহবায়ক কমিটির দায়িত্ব দ্রুত উপজেলা কমিটিগুলো ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি করে কাউন্সিলের ব্যবস্থা করা। একইভাবে উপজেলা কমিটির দায়িত্ব হবে দ্রুত ইউনিয়ন কমিটিগুলো ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করা। খুব কম সময়ের মধ্যে এ কাজ গুলো তাদের করতে হবে।''
জেলা সম্মেলনের পর বিএনপির জাতীয় সম্মেলন হবে বলে জানান স্থায়ী কমিটির এই সদস্য।
২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে ভরাডুবির পর বিএনপি পুনর্গঠনে দলের তৃণমূল পর্যায় থেকে দাবি ওঠে। এর প্রেক্ষাপটে খালেদা জিয়া ১ ফেব্র"য়ারি দল নতুনভাবে সাজানোর ঘোষণা দেন। গত ৩ ফেব্র"য়ারি থেকে তৃণমূল পর্যায়ের নেতাদের ঢাকায় ডেকে মতামত নেওয়া হয়। এর ভিত্তিতে ৬টি বিভাগীয় সাংগঠনিক কমিটির একটি প্রতিবেদন তৈরি করে। স্থায়ী কমিটি তা পর্যালোচনা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/আরএ/জিএনএ/১৩৪৩ ঘ.
bdnews24