ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক রোববার রাত সাড়ে ১২টায় শেষ হয়েছে। বৈঠকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলা কমিটিগুলো বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের ব্যাপারে আলোচনা হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গভীর রাতে এ কথা জানিয়েছেন।
বৈঠক সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি শনিবার চার বিভাগের সব জেলার নতুন আহবায়ক কমিটি গঠন করে। আর এ সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ৫১ সদস্যের এসব কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কদের নাম। জেলা আহবায়ক ও যুগ্ম আহবায়কদের উপর দায়িত্ব থাকবে পূর্ণাঙ্গ কমিটি করার।
শনিবার রাতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে রোববার দুপুরে সাংবাদিকদের জানান স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, "দলকে তৃণমূল পর্যায় থেকে পুনর্গঠনের লক্ষ্যে সব স্তরে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জেলা আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আমরা গতকাল (শনিবার) চারটি বিভাগের জেলা আহবায়ক কমিটিগুলোর তালিকা চূড়ান্ত অনুমোদন করেছি।
"আজ (রোববার) বাকি দুইটি বিভাগের আহবায়ক কমিটির তালিকা চূড়ান্ত হবে। চলতি সপ্তাহের মধ্যে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।''
ওদিকে স্থায়ী কমিটির অপর একাধিক সদস্যের সঙ্গে আলাপ করে জানা গেছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের জেলা কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটির তালিকা চূড়ান্ত করা হয়েছে।
দুপুরে সেগুন বাগিচায় নিজের ব্যবসায়িক কার্যালয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ সাংবাদিকদের শনিবারের বৈঠকের ফলাফল জানিয়ে আরো বলেন, ''চেয়ারপারসনের নেতৃত্বে স্থায়ী কমিটি কেন্দ্র থেকে একজন আহবায়ক ও কয়েকজন যুগ্ম আহবায়ক মনোয়ন দিয়ে তালিকাটি অনুমোদন দিচেছ। জেলা আহবায়ক ও যুগ্ম আহবায়কদের উপর দায়িত্ব থাকবে ৫১ সদস্যের কমিটি করা।"
জুলাই মাসের মধ্যে জাতীয় কাউন্সিল করার লক্ষ্য নিয়ে বিএনপি দল পুনর্গঠনের কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ''জুলাই মাসের মধ্যে জাতীয় কাউন্সিল করার বিষয়ে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে। তা সম্ভব না হলে আমরা কমিশনের কাছে সময় পেছানোর আবেদন জানাব।''
সব স্তরে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব
bdnews24