ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলকে শক্তিশালী করতে জেলা কমিটি পুর্নগঠন করবে বিএনপি।
শনিবার রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
স্থায়ী কমিটির বৈঠকে এটি চূড়ান্ত করার কাজ চলছে বলে সভা চলাকালে জানিয়েছেন দলের চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান।
কবে ও কখন বিস্তারিত বিষয় ঘোষণা করা হবে তা পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার রাত সাড়ে আটটায় খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
রাত সাড়ে নয়টায় মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' বৈঠক চলছে। সাংগঠনিক সিদ্ধান্তের মধ্যে আছে তৃণমূল পর্যায় থেকে দলকে পুনর্গঠন করে শক্তিশালী করতে জেলা কমিটিগুলো পুর্নগঠন করা। কি প্রক্রিয়া এবং কিভাবে তা করা হবে সে বিষয়ে আলোচনা করছেন স্থায়ী কমিটির সদস্যরা।''
অনেক রাত পর্যন্ত এ বৈঠকটি চলবে বলে তিনি জানান।
স্থায়ী কমিটির এ বৈঠকে ছিলেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম। এম সাইফুর রহমান ও আবদুল মতিন চৌধুরী অনুপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার প্রেস সচিব আরো বলেন,'' বৈঠকে চলমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলার গুরুতর অবনতি, বিদ্যুৎ-পানি-গ্যাসসহ নাগরিক নানা সমস্যার বিষয় নিয়ে
বিস্তারিত আলোচনা করা হচ্ছে।এছাড়া জাতীয় ও আঞ্চলিক বিষয়ও আলোচনায় স্থান পেয়েছে।"
ভারতের সদ্য ঘোষিত নির্বাচনের ফলাফল, দ্বি-পাক্ষিক সর্ম্পকের নানা দিক নিয়েও আলোচনা হচ্ছে বলে জানান সোহেল। তিনি বলেন, বিশেষ করে টিপাইমুখে নির্মিতব্য বাঁধ প্রকল্পের বিষয়টি বৈঠকে বিশদভাবে আলোচনা হচ্ছে। এ বিষয়ে বিএনপির অবস্থান কি হবে তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা নিজেদের মতামত দিচ্ছেন।
বৈঠকে বিএনপি ঘোষিত মাসব্যাপী কর্মসূচির পালনের বিষয়ে নিয়েও আলোচনা হয় বলে প্রেস সচিব জানান।
প্রসঙ্গত, বিএনপির জেলা কমিটির সংখ্যা ৭৫টি। এর অধিকাংশ কমিটি মেয়াদোত্তীর্ণ। গত ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে বড় ধরণের পরাজয়ের পর বিএনপির তৃণমূল থেকে দল পুনর্গঠনের দাবি ওঠে। এর ধারাবাহিকতায় দলীয় প্রধান খালেদা জিয়া ১ ফেব্র"য়ারি দল পুনর্গঠনের ঘোষণা দেন।
ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে গত ৩ ফেব্র"য়ারি থেকে তৃণমূল পর্যায়ের নেতাদের ঢাকায় ডেকে ছয়টি সাংগঠনিক কমিটি সাক্ষাৎকার নেয়।
সাক্ষাৎকার শেষে কমিটিগুলো তাদের প্রতিবেদন চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে জমা দেয়। এরপর জাতীয় স্থায়ী কমিটি তা পর্যালোচনা করে। এজন্য টানা বেশ কিছুদিন বৈঠক করে স্থায়ী কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২২৭ঘ.
bdnews24