ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোকে করের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় কর আইনজীবী সমিতি।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে ২০০৯-১০ অর্থ বছরের বাজেটে রাজস্ব বাড়ানোর লক্ষ্যে এ দাবি জানান সংগঠনটির সভাপতি জাকির হোসেন।
এছাড়া রাজস্ব বৃদ্ধির স্বার্থে বিগত জোট সরকার আমলের দুর্নীতিবাজ রাজনীতিক, ব্যবসায়ী, আমলা এবং তাদের পরিবারের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশসহ ২৪ দফা দাবি জানিয়েছে কর আইনজীবী সমিতি।
এসব দাবির মধ্যে রয়েছে- কর ন্যায়পালের ক্ষমতা বৃদ্ধি, অতিথি নিয়ন্ত্রণ আইন বাস্তবধর্মী করা, জমি বিক্রির ক্ষেত্রে শতকরা ১০ ভাগ কর প্রদানের প্রথা পুনরায় প্রবর্তন, সম্পদ কর চালু, টিআইএন সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে অগ্রিম কর বিধান চালু, '৮৪ সালের আয়কর অর্ডিন্যান্স-এর পরিবর্তে কর আইন প্রণয়ন, জুনের পরিবর্তে মে মাস থেকে বাজেট বর্ষ চালু , ভ্যাট ও আয়করের মধ্যে সমন্বয় সাধন, কর সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে দক্ষ আইনজীবী নিয়োগ, কর ভবন নির্মাণ উল্লেখযোগ্য।
রাজনৈতিক দলগুলোকে করের আওতায় আনার দাবি জানিয়ে জাকির হোসেন বলেন, ''বহু বছর ধরে আমরা বলে আসছি বড় বড় রাজনৈতিক দল লাখ লাখ, কোটি কোটি টাকা খরচ করছে। কিন্তু এর উৎস সম্পর্কে জবাবদিহিতার কোনো ব্যবস্থা নেই। রাজনৈতিক দলগুলোকে করের আওতায় আনলে রাজস্ব বাড়ার পাশাপাশি স্বচ্ছতাও নিশ্চিত হবে। গণতন্ত্রের প্রতিও জনগণের শ্রদ্ধা বাড়বে ।''
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের কার্যকরী সভাপতি আকমল হোসেন, মহাসচিব আবদুল আজিজ সরকার, জেনারেল লিগ্যাল কাউন্সিলর কনিকা মাহফুজ আরা বেগম, সহ-সভাপতি মো. আজমল হোসেন, কেন্দ্রীয় নেতা কাজী আরেফিন জাহান এবং আয়েশা সিদ্দিকাও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এইচএ/১৮৫০ঘ.
bdnews24