২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারাধীন বিষয় নিয়ে নোটিশ দেওয়া হয়রানিমূলক: দেলোয়ার

বিচারাধীন বিষয়ে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে দ্বিতীয়বার নোটিশ দেওয়াকে 'হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শুক্রবার সকালে এ বিষয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, "ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়ি ছাড়ার বিষয়টি যেখানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে সেখানে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য আবারো নোটিশ দেওয়া অর্থহীন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 09:05 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারাধীন বিষয়ে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে দ্বিতীয়বার নোটিশ দেওয়াকে 'হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শুক্রবার সকালে এ বিষয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, "ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়ি ছাড়ার বিষয়টি যেখানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে সেখানে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য আবারো নোটিশ দেওয়া অর্থহীন।" বিএনপি মহাসচিব বলেন, "খালেদা জিয়াকে হয়রানি করা ও তার ভাবমূর্তি বিনষ্ট করার জন্য দ্বিতীয়বার নোটিশ দেওয়া হয়েছে বলে আমরা মনে করি।'' পুরান ঢাকার আর্মানিটোলায় নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, "হাইকোর্টে আগামী রোববার বাড়ির নোটিশের বৈধতা নিয়ে দায়ের করা রিটের শুনানি অনুষ্ঠিত হবে। এখন এ বিষয়ে কথা বলা উচিত নয়।" দেলোয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, ''দ্বিতীয় দফা নোটিশ দেওয়ার অর্থ কি? সরকার দ্বিতীয় নোটিশ দিয়ে সংকীর্ণতার পরিচয় দিয়েছে। তাদের মধ্যে রাজনৈতিক উদারতা নেই। এটা করা অর্থহীন।'' তিনি জানান, নোটিশের বিষয়টি নিয়ে আইনজীবীরা করণীয় ঠিক করছেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে আইনজীবীদের সঙ্গে বৈঠক হয়েছে। খালেদা জিয়ার বাড়ি নিয়ে সংসদের ভেতরে ও বাইরে বিভিন্ন মন্ত্রী ও সাংসদদের নানা রকম 'গালিগালাজ' প্রকৃতির বক্তব্য প্রদানের সমালোচনা করে তিনি বলেন, ''তারা গণতন্ত্র নয়, একদলীয় বাকশালী মন মানসিকতায় কথা বলছে। এটা গণতন্ত্রের জন্য শুভ নয়।'' অষ্টম সংসদের প্রধান হুইপ হিসেবে দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়ে দেলোয়ার বলেন, ''এটা বানোয়াট, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক। সর্বদলীয় তদন্ত কমিটির এরকম তদন্ত করার এখতিয়ার নেই। অতীতে সংসদে এরকম কোনো তদন্তের নজিরও নেই। সংসদের কার্যপ্রণালী বিধিতে এ ধরণের তদন্ত কমিটি করার এখতিয়ার কিংবা কমিটির অস্তিত্ব নেই। আইনের দৃষ্টিতে এটা সঠিক নয়।'' জঙ্গিদমনে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিরোধী দলের যে সহযোগিতা চেয়েছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ''আমরা সব সময় সহযোগিতার কথা বলেছি। কিন্তু তাদের মন্ত্রীসুলভ কথা বলা উচিত। অস্ত্রের ভাষায় কথা না বলে গণতন্ত্রের ভাষায় কথা বলা উচিত।'' বিশেষ বার্তা বাহকের মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে সামরিক ভূ-সম্পত্তি প্রশাসক স্বাক্ষরিত একটি নোটিশ দেওয়া হয় খালেদা জিয়াকে। গত ২০ এপ্রিল হস্তান্তর করা বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশের সম্পূরক নোটিশ হিসেবে এটাকে উল্লেখ করা হয়। দ্বিতীয় নোটিশে সেনানিবাস ভূমি প্রশাসনের আইনের ধারা উল্লেখ করে বাড়িটি ১৫ দিনের মধ্যে ছেড়ে দিতে বলা হয়েছে। গত ৮ এপ্রিল সরকার খালেদা জিয়ার নামে সেনানিবাসের ৬ নং বাড়িটির ইজারা বরাদ্দ বাতিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/জিএনএ/১৫১০ ঘ.