২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কাউকে তলবের এখতিয়ার নেই সর্বদলীয় সংসদীয় কমিটির'

ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বাধীন সর্বদলীয় সংসদীয় তদন্ত কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক চিফ হুইপ ও বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, কাউকে তলব করার কোনো এখতিয়ার এ কমিটির নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 10:15 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বাধীন সর্বদলীয় সংসদীয় তদন্ত কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক চিফ হুইপ ও বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, কাউকে তলব করার কোনো এখতিয়ার এ কমিটির নেই। বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। দেলোয়ার বলেন,'' স্পিকার যে কমিটি করেছেন তা সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী অবৈধ। এ ধরনের কমিটি করার এখতিয়ার স্পিকারের নেই। সেজন্য কাউকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য তলবের এখতিয়ার এ কমিটির নেই।'' কমিটির টার্মস অব রেফারেন্স সর্ম্পকে তিনি বলেন, ''কমিটি হয়েছে সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার সাহেবের কথিত দুর্নীতির অভিযোগ তদন্তে। এখন সেই কমিটি সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক চিফ হুইপের কর্মকাণ্ড তদন্ত করছে। তাদের তো সেই এখতিয়ারই নেই?'' সাবেক এ চিফ হুইপ তার বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ খন্ডন করে বলেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও ভিত্তিহীন। তার রাজনৈতিক ক্যারিয়ার, পরিবারের ভাবমূর্তি নষ্ট করতেই তা করা হয়েছে। তিনি ফজলে রাব্বীকে উদ্দেশ করে বলেন, ''তাকে আমি চিনি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে- তা না খতিয়ে সভাপতি সাহেব নিজেই অভিযোগকারীর ভূমিকা নিয়েছেন। তিনি একপেশে অবস্থান নিয়েছেন। রাব্বী সাহেব অন্ধ হয়ে গেছেন। যিনি অভিযোগকারী তিনিই বিচারক ও তদন্তকারী- এটা কিভাবে হয়?" জমিরউদ্দিনের বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত সর্বদলীয় তদন্ত কমিটির বৈঠকে মঙ্গলবার সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনকে আত্মপক্ষ সমর্থনের জন্য তলবের সিদ্ধান্ত নেওয়া হয়। নবম সংসদের প্রথম অধিবেশনে সাংসদ ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে স্পিকার আবদুল হামিদ এ কমিটি গঠন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭০৫ ঘ.