ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ-পানি-গ্যাস সংকট নিরসনের দাবি ও আইন শৃঙ্খলার অবনতিসহ বিভিন্ন সমস্যার প্রতিবাদে বিএনপির মাসব্যাপী কর্মসূচি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিদ্যুৎ-পানি-গ্যাস সংকট নিরসনের দাবিতে মহানগরসহ জেলা-উপজেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করবে বিএনপি।
সোমবার দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচি অনুযায়ী এদিন রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হবে। এতে দলের নেতা-কর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
গত ২৩ এপ্রিল এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপির পক্ষ থেকে মাসব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে আছে, বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহের দাবিতে আগামী ৫ মে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১৪ মে, কৃষকদের ন্যায্যমূল্যে কৃষিপণ্যের প্রাপ্তি নিশ্চিত, নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনা, সার ও ডিজেলের মূল্য কমানো ও রপ্তানিমুখী শিল্প রক্ষায় প্রয়োজনীয় সহায়তার দাবিতে ২৪ মে এবং খুন, ডাকাতি, চাঁদাবাজি ও নির্যাতন হয়রানি বন্ধের দাবিতে ২ জুন দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মিছিল।
এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও অপরাধীদের আড়াল করার অপচেষ্টার প্রতিবাদে ১০ মে এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দলীয়করণের প্রতিবাদে ১৯ মে মহানগরসহ জেলা উপজেলা সদরে মানববন্ধনের কর্মসূচি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৩১ঘ.
bdnews24