ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'যতটুকু' জঙ্গিবাদ আছে তা দমনের পরিবর্তে ব্যাপক প্রচারণা চালিয়ে সরকার বিদেশি শক্তিকে দেশে নিয়ে আসার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তিনি বলেন, ''সরকার জঙ্গিবাদ নিয়ে প্রচারণায় বেশি ব্যস্ত। তারা এ প্রচারণা চালিয়ে আধিপত্যবাদী বিদেশি শক্তিকে দেশে নিয়ে আসার পাঁয়তারা করছে। এটা দেশের জন্য ভয়াবহ হবে।''
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্র নেতাদের সংগঠন 'আশির দশকের ছাত্র নেতা' এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে দেলোয়ার সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, ''দেশে এখন জঙ্গিবাদ নেই। যতটুকু আছে, তা সরকার প্রচলিত আইনের মাধ্যমে দমন করতে পারে। কিন্তু তা না করে দেশে জঙ্গি আছে বলে বলে সরকার জঙ্গিবাদকে প্রতিষ্ঠিত করতে চাইছে। এটা ঠিক নয়।''
সরকারকে এ পথ পরিহার করার আহবান জানান দেলোয়ার।
চার মাসে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, "সরকার মানুষের পানি-বিদ্যুৎ-গ্যাসসহ নির্বাচনের কোনো প্রতিশ্র"তি পূরণে কাজ শুরু করতে পারেনি। প্রতিটি ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে।"
এ রকম অবস্থা চলতে থাকলে জনগণের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের দাবির চিন্তা-ভাবনা উঠতে পারে বলে তিনি মনে করেন।
অষ্টম জাতীয় সংসদের প্রধান হুইপ হিসেবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, ''এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও মিথ্যা। আমার বিরুদ্ধে কেউ দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণ করতে পারবে না।''
একই সঙ্গে সংসদে তার বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে কিছু মিডিয়ার 'বাড়াবাড়ি' রয়েছে বলেও অভিযোগ করেন সাবেক প্রধান হুইপ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের নেতৃত্বে 'আশির দশকের ছাত্র নেতা' এর আহবায়ক বাবুল চৌধুরী, ফেরদৌস হোসেন খান, তকদীর মোহাম্মদ জসিম, শাহজহান সম্রাটসহ অর্ধশতাধিক নেতা জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ করেন। তারা প্রয়াত নেতার কবর জিয়ারত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমএসবি/১৬৫৮ ঘ.
bdnews24