ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের দুর্নীতির তদন্তে নিয়োজিত সংসদীয় উপ-কমিটির প্রধান বলেছেন, 'ছোট-খাটো অনিয়ম'র ব্যাপারে তিনি 'উদার' মনোভাব দেখাবেন।
আওয়ামী লীগের সাংসদ শাহজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত সব সন্দেহভাজন দুর্নীতি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে সব নথিপত্র পরীক্ষা করে দেখার মতো পর্যাপ্ত সময় তার কমিটির সদস্যদের নেই।
জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে একটি সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব প্রথম দিয়েছিলেন এই শাহজাহান খানই।
সাবেক স্পিকারের দায়িত্বপালনকালে সংসদ ভবনের জন্য বিভিন্ন সামগ্রী কেনা ও উন্নয়ন কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য গঠিত তিন সদস্যের উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন শাহজাহান খান।
সংসদ ভবনে উপ-কমিটির বৈঠকের পর তিনি বলেন, "গত সাত বছরের প্রত্যেকটি নথিপত্র পরীক্ষা করে দেখার মতো পর্যাপ্ত সময় আমাদের নেই।"
"বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত জমিরউদ্দিন সরকারের ছোট-খাটো অনিয়মের বিষয়গুলোকে উদার দৃষ্টিতে দেখবো এবং এড়িয়ে যাবো", বললেন শাহজাহান খান।
তিনি বলেন, কমিটি কেবল বড় বড় দুর্নীতির ঘটনা তদন্ত করে দেখবে।
এ ব্যাপারে উদাহরণ দিতে গিয়ে আওয়ামী লীগ সাংসদ বলেন, ২০০৫-০৬ অর্থবছরে খরচ হয়নি এমন আড়াই কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে তিনি জমা দেননি। এছাড়া কিনেছেন কিছু অপ্রয়োজনীয় সামগ্রীও।
শাহজাহান খান বলেন, "আমরা এ ব্যাপারে তথ্য প্রকাশ করবো ৫ মে'র বৈঠকের পর।
সংসদ প্রাঙ্গণে একটি মাত্র গাছ লাগাতে গণপূর্ত বিভাগ ২৫ হাজার টাকা খরচ করেছে বলে কমিটির কাছে তথ্য-প্রমাণ রয়েছে বলে তিনি জানান।
উপ-কমিটির প্রধান বলেন, " সংসদ ভবন এলাকায় স্পিকারের অনুমতি ছাড়া পিডব্লিউডি কোন কাজ করতে পারেনা বলে এই প্রক্রিয়ার সঙ্গে তিনি নিশ্চয়ই জড়িত ছিলেন।"
শাহজাহান খান সংসদে বলেছিলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে জমিরউদ্দিন সরকার কোটি কোটি টাকা তছরুপ করেছেন।
জমিরউদ্দিন সরকারের 'দুর্নীতির কর্মকাণ্ড' খুঁজে বের করার জন্য সাংসদদের দাবির মুখে স্পিকার আব্দুল হামিদ ১৯ মার্চ আওয়ামী লীগ সাংসদ ফজলে রাব্বি মিয়াকে প্রধান করে ১১ সদস্যের একটি সংসদীয় তদন্ত কমিটি গঠন করেন।
জমিরউদ্দিন সরকার উপ নির্বাচনে জয়ী হয়ে বর্তমানে বগুড়া-৬ আসনের নির্বাচিত সাংসদ।
ব্যাপকভিত্তিক তদন্তের জন্য ফজলে রাব্বির কমিটি তিনটি উপ-কমিটি গঠন করে। আওয়ামী লীগ সাংসদ এস কে আবু বকরের নেতৃত্বে গঠিত উপ-কমিটি জমিরউদ্দিন সরকারের চিকিৎসা বিষয়ক তহবিল অপব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে।
এছাড়া জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে গঠিত উপ-কমিটি জমিরউদ্দিন সরকারে দায়িত্বপালনকালে সংসদ সচিবালয়ে কর্মচারী নিয়োগের বিষয়টি খতিয়ে দেখছে।
এস কে আবু বকরের উপ কমিটিও বুধবার বৈঠক করেছে।
উপ-কমিটিগুলো মূল কমিটিতে তাদের রিপোর্ট পেশ করবে। পরে আলোচনা করে মূল কমিটি প্রাপ্ত তথ্য চুড়ান্ত করবে।
মূল কমিটি এক মাসের মধ্যে রিপোর্ট পেশ করবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু পরে সময়সীমা বাড়ানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এসকে/২১৪০ঘ.
bdnews24