২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বিএনপি নেতা আরিফুল হক জামিনে মুক্ত

সিলেট মহানগর বিএনপির সভাপতি আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন। সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র কারা তত্ত্বাবধায়ক একেএম ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সবক'টি মামলায় জামিন লাভের পর হাইকোর্টের নির্দেশে আজ (বৃহস্পতিবার) বিকাল ৫টায় আরিফুল হককে মুক্তি দেওয়া হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 01:35 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

সিলেট, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট মহানগর বিএনপির সভাপতি আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন। সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র কারা তত্ত্বাবধায়ক একেএম ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সবক'টি মামলায় জামিন লাভের পর হাইকোর্টের নির্দেশে আজ (বৃহস্পতিবার) বিকাল ৫টায় আরিফুল হককে মুক্তি দেওয়া হয়েছে।" গত বছর ২৩ জুন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১০ বছর সাজা হয় আরিফুল হকের। এ মামলায় তার স্ত্রী শ্যামা হক চৌধুরীরও তিন বছরের সাজা হয়েছে। শ্যামা হক বর্তমানে পলাতক রয়েছেন। মামলার রায়ে আরিফুল হক চৌধুরীর এক কোটি ৫৮ লাখ ৪১ হাজার ৭০৮ টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয় আদালত। এ রায়ের বিরুদ্ধে আপিল করার পর গত ৯ এপ্রিল তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। বিচারক ছয় মাসের অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করেন। এর আগে অন্য চারটি মামলায়ও আরিফুল হক জামিন পান। বৃহস্পতিবার আরিফুল হকের জামিনের আদেশ সংক্রান্ত কাগজ সিলেটের মূখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে এসে পৌঁছায়। তত্ত্ববধায়ক সরকারের সময় প্রথম পর্যায়ে ঘোষিত শীর্ষ ৫০ সন্দেহভাজন দুর্নীতিবাজের তালিকায় তার নাম ছিল। ২০০৭ সালের ২৭ মার্চ যৌথবাহিনীর কাছে তিনি আত্মসমর্পণ করেন। সেই থেকে তিনি কারাগারে ছিলেন। আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বাকি চারটি মামলার মধ্যে আছে- চাঁদাবাজির দুটি, কর ফাঁকির অভিযোগে এনবিআরের একটি এবং জরুরি বিধিমালায় করা একটি মামলা। কারাগার থেকে বেরিয়ে আসার পর সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতারা ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান। পরে ছাত্রদল নেতারা মিছিলসহ আরিফুল হককে তার কুমারপাড়ার বাসায় পৌঁছে দেন। মুক্তির পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, "বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র রুখতে দলের নেতাকর্মীদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। তৃণমূল পর্যায় থেকে দলকে সংগঠিত করতে হবে।" অতীতে কোনো ভুল করে থাকলে ক্ষমা করা দিতে তিনি সবার প্রতি অনুরোধ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.