২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যৌথবাহিনীর চাপে শেখ হেলালের বিরুদ্ধে মামলা করি'

তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ নেতা শেখ হেলালউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলার বাদী মমতাজউদ্দিন দাবি করেছেন, যৌথবাহিনী জোরপূর্বক তাকে দিয়ে ওই মামলা দায়ের করিয়েছিল। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি বলে তিনি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ নেতা শেখ হেলালউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলার বাদী মমতাজউদ্দিন দাবি করেছেন, যৌথবাহিনী জোরপূর্বক তাকে দিয়ে ওই মামলা দায়ের করিয়েছিল। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি বলে তিনি জানান। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মামলার বাদী রেজা কন্সট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপক মোঃ মমতাজউদ্দিন বলেন, "যৌথবাহিনী আমাদের প্রতিষ্ঠানে ঢুকে শেখ হেলালের বিরুদ্ধে একটি মামলা দায়েরের জন্যে কর্তৃপক্ষকে চাপ দেয়। তারা আমাকেও আটকে রেখে শারিরিক ও মানসিক নির্যাতন করে। তারা একটি এজাহারে সাক্ষর করতে বললে ভয়ে সেটি না পড়েই সাক্ষর করি। পরে মামলাটি আদালতে উঠলে একই কারণে সাক্ষ্যও দেই।" তিনি বলেন, "আসলে এটি একটি মিথ্যা মামলা। শেখ হেলালের সঙ্গে আমাদের কোন লেনদেন বা যোগাযোগ নেই। তাই সরকার পরিবতর্নের পর প্রকৃত ঘটনার বিবরণ দিয়ে ৭ এপ্রিল হলফনামা সম্পাদন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেছি।" এতদিন পরে মামলা প্রত্যাহারের কারণ সম্পর্কে রেজা কন্সট্রাকশনের পরিচালক এসএএস সাহেল জানান, কিছু আইনগত প্রক্রিয়া শেষ করতে সময় লেগেছে। তাই মামলা প্রত্যাহারে দেরি হয়েছে। কোন চাপের মুখে তারা মামলা প্রত্যাহার করেননি দাবী করে বলেন, "তাহলে তো আরো আগেই আমরা মামলা প্রত্যাহারের ব্যবস্থা নিতাম। চারমাস দেরি হতো না।" শেখ হেলাল ছাড়াও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে এই প্রতিষ্ঠানের দায়ের করা তিনটি মামলা রয়েছে। এসব মামলা প্রসঙ্গে সাহেল বলেন, "সবগুলো মামলাই একই পরিস্থিতিতে দায়ের করতে বাধ্য হয়েছি। ঐসব মামলার বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।" মামলার আলামত হিসাবে যে চেকগুলো জব্দ করা হয়েছে, সে প্রসঙ্গে তিনি বলেন,"এগুলো আমরা আমাদের উপ-ঠিকাদারকে তার বিভিন্ন সরবরাহ কাজের বিনিময়ে দিয়েছিলাম। এর সঙ্গে শেখ হেলালের কোন সম্পর্ক নেই।" ২০০৭ সালের ২১ মে স্পেক্ট্রাগ্র"পের সহযোগী প্রতিষ্ঠান রেজা কন্সট্রাকশনের ব্যবস্থাপক মোঃ মমতাজউদ্দিন বাদী হয়ে তাদের একজন উপ-ঠিকাদার মুন্সি সাইদুজ্জামান ও শেখ হেলালউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাংসদ থাকা অবস্থায় শেখ হেলাল বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে সাইদুজ্জামানের মাধ্যমে এক কোটি ২ লাখ টাকা চাঁদা আদায় করেছেন, যা কয়েকটি চেকের মাধ্যমে তাদের প্রতিষ্ঠান দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/২২১৫ঘ.