পাবনা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সুজানগরে শনিবার সন্ত্রাসী হামলায় দুই বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।
আশংকাজনক অবস্থায় সুজানগর পৌর বিএনপি আহ্বায়ক আযম আলী বিশ্বাস (৫০) এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নাদের সরকারকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করে এ ঘটনার প্রতিবাদে পাবনা জেলা ও সুজানগর উপজেলা বিএনপি বিকেলে বিক্ষোভ মিছিল করে।
পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) জামিল আহমেদ জানান, খালেদা জিয়ার বাড়ি নিয়ে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির মিছিল শেষ করে আযম আলী বিশ্বাস ও নাদের সরকার বাড়ি ফিরছিলেন।
বিকেল ৪টার দিকে তারা মনজুর মার্কেটের সামনে পৌঁছলে ১০/১২ জন সন্ত্রাসী তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
এসপি জামিল আহমেদ বলেন, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সাড়ে ৫টার দিকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাবনা জেলা বিএনপি সভাপতি ও সাবেক সাংসদ সিরাজুল ইসলাম সরদার এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা এই ঘটনার জন্য সুজানগর উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দকে দায়ী করেছেন।
সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগ, য্বুলীগ কিংবা ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই।
বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.
bdnews24