ঢাকা,এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এক এগারো, ২৯ ডিসেম্বরের নির্বাচন আর পিলখানার হত্যাকাণ্ড 'একই সূত্রে গাঁথা' বলে ধারণা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর।
বুধবার বিকেলে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত এক ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিজামী তার এ মত জানান।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত সমাবেশের ভাষণে তিনি বলেন," এক এগারো, ২৯ ডিসেম্বরের নির্বাচন আর পিলখানার হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। নাইন ইলেভেন গোটা মুসলিম বিশ্বের জন্য যেমন অভিশাপ হিসেবে দেখা দিয়েছে, তেমনি ওয়ান ইলেভেন এদেশের জন্য একটি অভিশাপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।"
দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক সংঘাতের প্রেক্ষাপটে ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হওয়ার পর সেনা-সমর্থিত নতুন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। এ ঘটনাই 'ওয়ান ইলেভেন', 'এক এগারো' ইত্যাদি নামে পরিচিত হয়ে ওঠে।
নিজামী অভিযোগ করেন,"জঙ্গীবাদের সাথে ইসলাম ও এদেশের মাদ্রাসাকে যুক্ত করে পিলখানার নৃশংস ঘটনা ধামাচাপা দেওয়ার চক্রান্ত চলছে।"
সেনা আইনে পিলখানা ঘটনার বিচারের দাবি জানিয়ে তিনি বলেন," যেহেতু একটি আধা সামরিক বাহিনীর সদস্যদের হাতে সামরিক বাহিনীর কর্মকর্তারা নিহত হয়েছিলেন, সেহেতু তাদেরকে সেনা আইনে বিচার করা হবে বলেই দেশবাসী আশা করে।"
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ফোরাম স্বচ্ছতা নিশ্চিত করতে সাধারণ আইনে এ ঘটনার বিচারের দাবি জানিয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুস সামাদ বলেন, "যারা আলেমদের নিয়ে এসব কথা (জঙ্গি তৎপরতার অভিযোগ) বলেন, তাদের ঈমান থাকবে না।"
জামায়াতের ঢাকা মহানগর শাখার সভাপতি রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জামায়াত নেতা মুহাম্মদ সুবহান, আবদুল কাদের মোল্লা, দেলোয়ার হোসেন সাঈদী হামিদুর রহমান আযাদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২২৪৮ঘ.
bdnews24