২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার 'ফিরে আসার' দাবিতে ঢাবিতে ছাত্রলীগ কর্মীদের অনশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নিচের সারির কর্মীরা শেখ হাসিনার সংগঠনটির সাংগঠনিক নেত্রীর পদে ফিরে আসার দাবিতে মঙ্গলবার এক ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 01:30 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নিচের সারির কর্মীরা শেখ হাসিনার সংগঠনটির সাংগঠনিক নেত্রীর পদে ফিরে আসার দাবিতে মঙ্গলবার এক ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের অন্তর্কোন্দল ও সহিংস কার্যকলাপে প্রচণ্ড ক্ষুব্ধ আওয়ামী লীগ সভানেত্রী ৩ এপ্রিল সংগঠনটির সাংগঠনিক নেত্রীর পদ থেকে সরে দাঁড়ান। মঙ্গলবার দুপুর সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ডাকসু ভবনের সামনে ছাত্রলীগ কর্মীদের এ অনশন কর্মসূচী চলে। এসময় তারা সংগঠনে শেখ হাসিনার ফিরে আসার দাবিতে স্বাক্ষর গ্রহণ করে। সারা দেশের প্রায় ৫ লাখ নেতা-কর্মীকে এ দাবিতে স্বাক্ষর করার আহ্বান জানানো হয়। এ কর্মসূচীতে কেন্দ্রীয় কমিটির কোনো নেতা উপস্থিত ছিলেন না। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এটি ছাত্রলীগের কর্মসূচী নয় বলে জানান। তিনি বলেন, "ছাত্রলীগ এ ধরণের কোনো কর্মসূচী গ্রহণ করেনি।" অনশনকারী কর্মীরা ছাত্রলীগের নয় বলেও দাবি করেন তিনি। অনশন কর্মসূচীতে অংশগ্রহণ করা কবি জসীমউদ্দিন হলের কর্মী বলে পরিচয় দেওয়া সোহাগ মাহমুদ বলেন, "কেন্দ্রীয় শীর্ষ দু'নেতার ব্যর্থতার দায়ভার নেত্রী নিতে পারেননা। এ দায়ভার তাদেরই নিতে হবে।" মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কমিটির দু'নেতা সভাপতি মাহমুদ হাসান রিপন এবং সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আবারো তার কার্যালয়ে যান। কিন্তু তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেননি। এ ব্যাপারে ওই দুই নেতার সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। দলীয় সূত্রে জানা গেছে শেখ হাসিনা এতই ক্ষুদ্ধ যে তিনি এখন ছাত্রলীগ নেতাদের সঙ্গে এ বিষয়ে দেখা করতে মোটেই আগ্রহী নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৯৩৩ঘ.