খুলনা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১৯টি পদে সোমবার একযোগে রদবদল করা হয়েছে।
সিটি মেয়র হিসেবে তালুকদার আব্দুল খালেক দায়িত্ব গ্রহণের পর এ প্রথম একসঙ্গে এতোগুলো পদে রদবদল হল।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ রদবদলের সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (সোমবার) এক অফিস আদেশে এ রদবদল করা হয়েছে।"
সিটি মেয়রের সহকারী একান্ত সচিব (এপিএস) গোপাল কুমার সাহা বলেন, "মেয়র গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর কোনো রদবদল করেননি। কয়েকটি শাখার কাজে স্থবিরতা দেখা দিয়েছিল। সে কারণে কেসিসির কাজে গতিশীলতা আনতে এ রদবদল করা হয়েছে।"
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, কেসিসির কালেক্টর অব ট্যাক্সেস শেখ মহিউদ্দিন হোসেনকে স্টোর সুপার পদে, স্টোর সুপার জাহাঙ্গীর হোসেনকে স্টোর কিপার, ডেপুটি কালেক্টর অব ট্যাক্সেস মো. নুরুজ্জামান তালুকদারকে এস্টেট অফিসার, লাইসেন্স অফিসার (বাণিজ্য) নজরুল ইসলামকে কালেক্টর অব ট্যাক্সেস, খালিশপুর শাখা অফিসের উচ্চমান সহকারী হাফিজুর রহমান চৌধুরীকে লাইসেন্স অফিসার (বাণিজ্য) পদে বদলি করা হয়েছে।
কর ধার্য শাখার সহাকারী অ্যাসেসর হারুন আর রশীদকে লাইসেন্স অফিসার (যানবাহন), লাইসেন্স অফিসার (যানবাহন) শফিকুল ইসলামকে খালিশপুর শাখা অফিসের উচ্চমান সহকারী, স্টোর কিপার মতলেব গাজীকে ৮ নম্বর ওয়ার্ড সচিব, ৮ নম্বর ওয়ার্ড সচিব নজরুল ইসলামকে জিয়া হলের সুপার পদে, জিয়া হলের সুপার মনিরুজ্জামান রহিমকে আইন শাখার সহকারী, পূর্ত বিভাগের উচ্চমান সহকারী মো. শাহিনুজ্জামানকে জনস্বাস্থ্য বিভাগের উচ্চমান সহকারী, পূর্ত বিভাগের সহকারী ইব্রাহিম হাওলাদারকে ওই বিভাগের উচ্চমান সহকারী, সহকারী ক্যাশিয়ার গাজী পারভেজকে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর অব ট্যাক্সেস, কর আদায় শাখার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর অব ট্যাক্সেস ফারুক হোসেন তালুকদারকে ডেপুটি কালেক্টর অব ট্যাক্সেস পদে বদলি করা হয়েছে।
এছাড়া গ্যারেজ শাখার সহকারী নজরুল ইসলামকে পূর্ত শাখার সহকারী, প্রশাসনিক শাখার উচ্চমান সহকারী কাজী শাহাদাত হোসেনকে কর ধার্য শাখার সহকারী সুপার, ডেপুটি কালেক্টর অব ট্যাক্সেস ফিরোজ আহমেদকে গ্যারেজ শাখার উচ্চমান সহকারী, শিক্ষা ও সাংস্কৃতিক শাখার সহকারী সাহেদ হাসানকে বাণিজ্যিক লাইসেন্স শাখার ভারপ্রাপ্ত পরিদর্শক এবং সহকারী হিসাব রক্ষক মোস্তাফিজুর রহমানকে হিসাব রক্ষক (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে।
এর আগে গত ২৪ মার্চ কেসিসির সহকারী প্রকৌশলী (পরিকল্পনা) মো. আবিরুল জব্বারকে তার দায়িত্বের অতিরিক্ত হিসেবে থাকা প্রশাসনিক কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলাল উদ্দিনকে দেওয়া হয় প্রশাসনিক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৬ ঘ.
bdnews24