ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপনির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সাত সাংসদের শপথ অনুষ্ঠান আগামী বুধবার অনুষ্ঠিত হবে।
সংসদ ভবনে স্পিকার আবদুল হামিদ তাদের শপথ বাক্য পাঠ করাবেন।
সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
গত ২ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে বগুড়া- ৬ আসনে বিএনপি'র জমিরউদ্দিন সরকার, বগুড়া-৭ আসনে একই দলের মওদুদ আহমেদ, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) রওশন এরশাদ এবং রংপুর-৬ আসনে আ.লীগের আবুল কালাম আজাদ, কুড়িগ্রাম-২ ও কিশোরগঞ্জ-৬ আসনে একইদলের মো. জাফর আলী ও নাজমুল হাসান বিজয়ী হন।
এছাড়া আগেই বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগের শেখ হেলালউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গত ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচনে তিনটি করে আসনে নির্বাচিত শেখ হাসিনা, খালেদা জিয়া ও এইচ এম এরশাদ দুটি করে আসন ছেড়ে দিলে ছয়টি আসন শূন্য হয়। এছাড়া আওয়ামী লীগের প্রবীণ নেতা জিল্লুর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার আসনটিও শূন্য হয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২১৩৩ঘ.
bdnews24