রংপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে জেলা বিএনপির সভাপতি ও ব্যবসায়ী রহিম উদ্দিন ভরসার বাড়ি থেকে সোমবার নূরে আলম (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
নুরে আলমের ছেলে লিপু অভিযোগ করেন, রোববার তার বাবাকে রহিম উদ্দিন ভরসার ছেলে আশরাফুল তাদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছেন। তার লাশ গুম করারও চেষ্টা করা হয়েছে। এমনকি ঘটনা ধামাচাপা দিতে তার বাবা হৃদরোগে মারা গেছেন বলেও প্রচার করার চেষ্টা হয়েছে।
নূরে আলম স্থানীয় নবিজন নেছা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। তার বাড়ি হারাগাছ উপজেলার সারাই ডারার পাড় গ্রামে।
ঘটনার সময় রহিম উদ্দিন ভরসা বাড়ি ছিলেন কি না সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তার ছেলে আশরাফুল অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেছেন, নূরে আলম 'হার্ট ফেল' করে মারা গেছেন।
সোমবার সকাল ১১টার দিকে কাউনিয়া থানা পুলিশ রহিম উদ্দিন ভরসার বাড়ি থেকে লাশ উদ্ধার করেন। খবর সংগ্রহের জন্য স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে সংসদ নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী রহিম উদ্দিন ভরসার লোকজন তাদের ওপর হামলা চালায়।
এতে দুই সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে স্থানীয় পরিবেশ পত্রিকার ফটো সাংবাদিক হিরুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাংলাভিশনের রংপুর প্রতিদনিধি জয়নাল আবেদীনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কাউনিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জগলুল জানান, নূর আলমের শরীরে এবং নাকে মুখে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
রাত ৮টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত হচ্ছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
নূর আলমের ছেলে লিপু জানান, তার বাবা রহিম উদ্দিন ভরসার প্রতিষ্ঠিত নবিজন নেছা স্কুলে অফিস সহকারীর (দপ্তরী) হিসেবে কাজ করতেন। তার বোন নিমা পারভীন একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
তার অভিযোগ, রহিম উদ্দিন ভরসা নিমাকে বিয়ে করার প্রস্তাব দেন। কিন্তু তার বাবা ও পরিবারের লোকজন তার প্রস্তাবে রাজ হননি। এতে ক্ষুব্ধ হয়ে নূরে আলমকে দেখে নেওয়ার হুমকি দেন রহিম উদ্দিন ভরসা।
লিপু জানান, রোববার রহিম উদ্দিন ভরসার ছোট ছেলে আশরাফুল তার বাবাকে ডেকে নিয়ে যান। সারারাত তাকে বাড়িতে আটকে নির্যাতন চালায় আশরাফুল ও তার লোকজন। রাতেই নূর আলম মারা যান বলে দাবি করেন লিপু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৬ ঘ.
bdnews24