ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের একদল ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র।
সফররত ভারতীয় চেম্বার অব কমার্সের কলকাতা শাখার একটি প্রতিনিধিদল সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের সময় এ কথা বলেন বলে প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান।
এদিকে বাংলাদেশে প্রক্রিয়াধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনার সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (কলকাতা) সভাপতি সঞ্জয় বুধিয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।
আবুল কালাম আজাদ জানান, নির্বাচনে বিপুল বিজয়ের জন্য এই ব্যবসায়ী প্রতিনিধিদল শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
বৈঠকে, দু'দেশের বাণিজ্য ভারসাম্য রক্ষার দিকে নজর দেওয়া এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়ে বিষয়ে আলোচনা হয়।
এসময়, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি দেশের সরকারি ও বেসরকারি খাতকে সমানভাবে গুরুত্ব দিয়ে উন্নয়ন করতে চান।
আবুল কালাম আজাদ বলেন, "এই ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে বলেছেন, 'আপনি আপনার প্রজ্ঞা ও দূরদৃষ্টি দিয়ে প্রমাণ করেছেন, আপনি বাংলাদেশেরই নন দক্ষিণ এশিয়ার প্রতিষ্ঠিত নেতা'।"
প্রতিনিধিদলের সদস্যরা আসামের রাজধানী গৌহাটিতে বাংলাদেশের উপ-হাই কমিশনার অথবা কনসুলেট অফিস স্থাপনের অনুরোধ জানান। প্রধানমন্ত্রী তাদের জানিয়েছেন, বিষয়টি চিন্তা-ভাবনা করে দেখা হবে।
এসময়, বাণিজ্য মন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মসিউর রহমান, বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও শিল্পপতি সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।
পরে সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চল্ফবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় দু'দেশের সমুদ্রসীমা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
প্রায় এক মাসের কিছু বেশী সময় ধরে চিকিৎসার জন্য ভারতে ছিলেন। প্রধানমন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
ভারতের রাষ্ট্রদূত বিডিআর সদর দপ্তরে সেনাবাহিনীর কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে এই ঘটনার দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রশংসাও করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান
এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/জিএনএ/১৫৫০ ঘ.
bdnews24