ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলাজট নিরসনে শিগগিরই হাইকোর্টে আরও বিচারপতি নিয়োগের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আইনমন্ত্রী একথা বলেন।
শফিক আহমেদ বলেন, "হাইকোর্টে অনেক মামলা বিচারাধীন রয়েছে। এখনও বিচারক সংকট বিদ্যমান। এজন্য শিগগিরই সৎ, যোগ্য ও নির্ভীক বিচারক নিয়োগের পদক্ষেপ নেওয়া হবে।"
সমিতির নবনির্বাচিত সভাপতি এ এফ এম মেজবাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী সম্পাদক নূরুল ইসলাম সুজন, নবনির্বাচিত সম্পাদক শ ম রেজাউল করিম।
গত ২৫ মার্চ সমিতির নির্বাচনে সভাপতি পদে এএফএম মেজবাহউদ্দিন ও সম্পাদক পদে শম রেজাউল করিম নির্বাচিত হন।
সহ সভাপতি পদে নির্বাচিত হন কাজী মো. সাজোয়ার হোসেন ও সৈয়দ হায়দার আলী; কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন মো. হাবিবুল গনি। সহ সম্পাদক নির্বাচিত হন মো. বদরুজ্জামান বাদল ও মোহাম্মদ আলী।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হন মো. নুরনবী, মো. এনামুল হক মোল্লা, দিলশাদ নিয়াজী মান্না, আঞ্জুমান আরা বেগম রানু, মো. শহিদউল্লা, জয়া ভট্টাচার্য্য ও শাহানারা বেগম সানু।
সমিতির নির্বাচন উপ-কমিটির আহবায়ক আবুল কাসেম ফজলুল হক খান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এইচএ/২১০০ঘ.
bdnews24