ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত দুবছরে দুর্নীতি দমন কমিশনের 'প্রশ্নবিদ্ধ' কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং একে আরো কার্যকর করা হবে বলে জানিয়েছেন সরকারের একজন মন্ত্রী।
দুদকের চেয়ারম্যান পদ থেকে হাসান মশহুদ চৌধূরীর পদত্যাগের একদিন পর সরকারের এ মনোভাবের কথা সাংবাদিকদের জানালেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দুর্নীতি দমন কমিশনের গত দুবছরের কর্মকাণ্ডে শুধু সরকারি দলের সাংসদ নয়, বিরোধদলীয় সাংসদ, বাংলাদেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে। আমরা আশা করছি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
শুক্রবার রাজধানীর কাটাবনে আইসিএমএবি মিলনায়তনে 'অ্যাডমিশন প্লাস' কোচিং সেন্টারের কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানের এক ফাঁকে তিনি আরো বলেন , "দুর্নীতি প্রতিরোধে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। ভবিষ্যতে দুদক যাতে আরো কার্যকর হয় সে ব্যবস্থাও করা হবে।"
বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়ে সাবেক সেনাপ্রধান হাসান মশহুদ চৌধূরী সাংবাদিকদের বলেন, "আমি মনে করি বর্তমানে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটি আপনারা বোঝেন, তার ব্যাখা দেয়ার প্রয়োজন নেই। আমি মনে করি দুদকের কাজে গতি আনতে নতুুন নেতৃত্ব আসা প্রয়োজন। "
হাসান মশহুদ চৌধূরীর পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে ফারুক খান বলেন, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন এবং তার সে অধিকার রয়েছে।
এসময় বিডিআর বিদ্রোহ ও ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, "বিডিআরের ঘটনায় নতুন নতুন তথ্য আসছে। আমরা অনেকেরই সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি।"
তবে কারা সম্পৃক্ত সে সম্পর্কে 'এখনই' কিছু বলতে চাননি তিনি।
"তদন্ত প্রতিবেদন প্রকাশিত হলেই সব জানা যাবে" বলেন ফারুক খান।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের ব্যাপারে তিনি বলেন, "সরকার ব্যবস্থা নিয়েছে, দেখবেন সব ঠিক হয়ে যাবে।"
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ২০০১ সালের পর যে অবস্থার সৃষ্টি হয়েছিল, এখনকার অবস্থা তার তুলনায় অনেক ভাল। তবে কোনও ধরনের সহিংসতাই কাম্য নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/১৮৩৫ঘ.
bdnews24