২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক চেয়ারম্যানের পদত্যাগে খুশি কামরুল ইসলাম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর পদত্যাগে ব্যক্তিগতভাবে খুশি হয়েছেন বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর পদত্যাগে ব্যক্তিগতভাবে খুশি হয়েছেন বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। সেইসঙ্গে তিনি গত দুই বছরে দুদকের বিভিন্ন মামলায় আইনজীবীদের ফি বাবদ ১৩ কোটি টাকা খরচের হিসাব চেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে আইন মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুদক চেয়ারম্যানের পদত্যাগের ব্যাপারে প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "ব্যক্তিগত মত হলো আমি খুশি হয়েছি, কারণ গত দুই বছরে রাজনৈতিক নেতৃবৃন্দকে হেনস্তা করার জন্য তিনি দুদককে ব্যবহার করেছেন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাই আমি খুশি হয়েছি, সরকারের মন্ত্রী হিসেবে নয়।" গত দুই বছরে দুদকের বিভিন্ন খাতে খরচের ব্যপারে প্রশ্ন তুলে তিনি আরো বলেন, তার কাছে আমার প্রশ্ন- গত দুই বছরে রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আইনজীবীদের ফি বাবদ ১৩ কোটি টাকা খরচ করেছেন তিনি। কিন্তু যাদের বিরুদ্ধে মামলা হলো তারা সবাই এখন কারাগার থেকে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাই আমি এই ১৩ কোটি টাকার হিসাব চাই। আরো কোথায় কোথায় খরচ হয়েছে সেগুলোরও হিসাব চাই। ব্রিফিংয়ের আগে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ বিয়য়ে আইন প্রতিমন্ত্রী জানান, অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি দাওয়ার কথা বলার সুযোগ চেয়েছন। এই সুযোগ দেওয়ার চেষ্টা করা হবে বলে তাদেরকে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/কিউএইচ/এইচএ/১৭৩০ঘ.