ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ক্ষমতায় যাওয়ার জন্য প্রধান বিরোধীদল 'তাড়াহুড়া করলে' আবারো এক এগারোর মতো পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (সমন্বিত)
বিগত সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কথিত 'মাইনাস টু ফর্র্মুলা ও রাজনৈতিক দলভাঙার তৎপরতার' পুনরাবৃত্তি রোধের উপায় নিয়ে বুধবার জাতীয় সংসদে বিএনপির এক সাংসদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।
শেখ হাসিনা আশ্বস্ত করে বলেন, "ভবিষ্যতে কাউকে কোনো রকমের মাইনাস প্লাস করতে দেওয়া হবে না। জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।"
শেখ হাসিনা বলেন, "দু'দল মিলে সতর্ক থাকলে কেউ এটা করতে পারবে না। ..ক্ষমতার লোভে বিরোধী দল যদি ভবিষ্যতে তাড়াহুড়া করতে চায় তা হলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।"
তিনি মন্তব্য করেন, উভয়দল সতর্ক থাকলে যারা প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা করেন তারাও দল ভাংতে পারবেন না বা দল ভাঙার ষড়যন্ত্র করতে পারবেন না।
সংরক্ষিত মহিলা আসনে বিএনপি'র সাংসদ রেহানা আক্তার রানুর এক সম্পূরক প্রশ্নে প্রধানমন্ত্রীকে বিষয়টি জিজ্ঞেস করেছিলেন।
রেহানা আক্তার সম্পূরক প্রশ্নে জিজ্ঞেস করেন, "যারা মাইনাস টু ফর্মূলা বাস্তবায়ন করতে চেয়েছিলো, রাজনৈতিক দল ভেঙে দল করতে চেয়েছিলো, তাদের কাজের কোনো বৈধতা ছিলো কিনা। ভবিষ্যতে এরকম যেন না হয় সে ব্যবস্থা নেওয়া হবে কিনা।"
খালেদাকে সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ
এদিকে, প্রধানমন্ত্রী এদিন সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ করে ছেন।
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা এ প্রসঙ্গে বলেন, "একজন রাজনীতিবিদ বা বিরোধীদলীয় নেতা হিসাবে কারোরই সেনানিবাসে থাকা সমীচীন নয়।"
সেনানিবাসের ভেতরে অবস্থিত ওই বাড়ির বরাদ্দ বাতিল করা হবে কিনা সে সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ নেবে জানিয়ে শেখ হাসিনা বলেন, "আমি একা এই সিদ্ধান্ত নিতে পারি না।"
নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাংসদ আব্দুল মতিন খসরুর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অনুরোধ করেন।
শেখ হাসিনা প্রস্তাব দেন খালেদা জিয়া জায়গাটা ছেড়ে দিলে সেখানে বিডিআর সদর দপ্তরে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের জন্য ফ্ল্যাট করা হবে।
তিনি বলেন, "পরিবারপ্রতি দুটি করে ফ্ল্যাট হবে। একটায় তারা থাকবেন, আর আরেকটি ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করবেন। আমি তাকে (খালেদা জিয়া) অনুরোধ করবো সেনানিবাসের বাড়িটি ছেড়ে দিতে।"
শেখ হাসিনা আরো বলেন, "তার তো নিজের থেকেই ঐ বাড়ি ছেড়ে দেওয়া উচিত, ঐ শহীদ পরিবারগুলোর জন্য। তাতে জাতি ওনাকে চিরদিন সম্মান করবে।"
এই পর্যায়ে তিনি ঘোষণা করেন, তার ছোট বোন শেখ রেহানাকে যে জমিটি দেওয়া হয়েছিলো তিনি সেটি বিডিআর বিদ্রোহে নিহত সেনাদের জন্য দিয়ে দেবেন। সেখানেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ফ্ল্যাট করা হবে।
প্রয়াত রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের পরিবারকে সেনানিবাসের বাড়িটি দেওয়ার জন্য সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদকে দোষারোপ করে শেখ হাসিনা বলেন, "এর জন্য কাউকে যদি দোষী করতে হয়, তা হলে এরশাদ সাহেবকে করতে হবে। উনি ওনার ভাবী সাহেবকে খুশি করার জন্য এটা দিয়েছিলেন।"
এ সংক্রান্ত লিখিত প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী সংসদে জানান, উত্তরে কিছু 'ভুল' রয়েছে। সেগুলো ঠিক করতে হবে।
এ পর্যায়ে শেখ হাসিনা বলেন, "মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে সেনানিবাসের এই বাড়ি দেওয়া হয়নি। বেগম সাহেবার ইচ্ছে - ঐ বাড়িতে জিয়াউর রহমানের স্মৃতি যাদুঘর করা হবে। এজন্য তিনি সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেবেন। এজন্যই তাকে গুলশানের বাড়িটি দেওয়া হয়। কিন্তু, মইনুল রোডের বাড়িটি ছেড়ে দেওয়ার কথা ছিলো। তিনি তা ছেড়ে না দিয়ে নিজের নামে লিখে নেন।"
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তিনি বিরোধীদলীয় নেত্রী থাকাকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন কথাসাহিত্যিক হুমায়ুন আজাদকে দেখতে যেতে চাইলে তার গাড়ি বহর সেনানিবাসের মধ্যে আটকে দেওয়া হয়। তখন তিনি হেঁটেই সম্মিলিত সামরিক হাসপাতালে যান।
শেখ হাসিনা বলেন, "আমার জন্য সেনানিবাস নিষিদ্ধ ছিলো। আমার গাড়ি আটকে দেওয়ায় আমি হেঁটেই সিএমএইচে যাই। সেনাসিবাসে হাঁটার অপরাধে আমার বিরুদ্ধে মামলা হয়েছিলো। আর, উনি (খালেদা জিয়া) সেনানিবাসেই থাকছেন।"
১৯৮১ সালের ৩০ মে এক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়া এবং তার দুইপুত্রকে ঢাকার গুলশান আবাসিক এলাকার প্লটটি (বাড়ি নং-এনই (ডি) ব্লক-৩/বি, সড়ক নম্বর ১৯৬) ১০১ টাকা প্রতীকী মূল্যে এবং ক্যান্টনমেন্টের বাড়িটি (৬, শহীদ মইনুল রোড়ের বাড়ি) ২ দশমিক ২৭ একর জমিসহ এক টাকা প্রিমিয়ামের বিনিময়ে বার্ষিক একটাকা হারে খাজনা দেওয়ার শর্তে দেওয়া হয়।
আরেক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "সাবেক প্রধানমন্ত্রী এক কোটি কালো টাকা সাদা করেছেন ৩৩ লাখ টাকা কর দিয়ে। ওনার দু'ছেলেই কোটি কোটি টাকার কালো টাকার সম্পত্তি সাদা করেছেন। ছোট ছেলে ছয় কোটি টাকা সাদা করেছেন। টাকা যে তারা প্রচুর কামিয়েছেন তা বোঝাই যাচ্ছে।"
শেখ হাসিনা আরো বলেন, মারা যাবার আগে জিয়াউর রহমান সাভার ও উত্তরার উত্তরখানে দু'টি জায়গা কিনেছিলেন। এরমধ্যে উত্তরখানের আট শতাংশ জায়গা খালেদা জিয়ার নামেই কেনা হয়।
শেখ হাসিনা দাবি করেন, বিরোধীদলীয় নেতা তার বাড়ি সংলগ্ন গার্ড হাউজটিও 'দখল' করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিসি/কেআরসি/এসকে/২১০০ঘ.
bdnews24