ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম)- ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় রোববার আরো তিনজনের সাক্ষ্য নিয়েছে আদালত।
রোববার সকালে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মো. মাসদার হোসেন লাশের সুরুতহাল নিয়ে আরো তিন সাক্ষীর সাক্ষ্য নেন। এ নিয়ে রাষ্ট্রপক্ষের ৪০৮ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য নেওয়া হলো।
সাক্ষ্য নেওয়ার সময় মুফতি আবদুল হান্নান, আবদুস সালাম পিন্টুসহ দেশের বিভিন্ন কারাগার থেকে মামলার ১৪ আসামীকে আদালতে হাজির করা হয়। মোট ২২ আসামির মধ্যে বাকি ৮ জন পলাতক রয়েছে।
২১ আগস্টের হামলায় নিহত রাজধানীর পল্লবী এলাকার আওয়ামী লীগ নেতা আবুল কালামের লাশের সুরতহালে স্বাক্ষরদানকারী মিজানুর রহমান, প্রতিবেশী মতলব রহমান ও জহিরুল ইসলামের সাক্ষ্য নেওয়া হয়। মিজানুর রহমান সম্পর্কে আবুল কালামের শ্যালক।
পরবর্তী সাক্ষ্য নেওয়ার তারিখ ৫ মার্চ ধার্য করা হয়েছে।
আদালতে সাক্ষীরা বলেন, ঘটনার পরপরই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আবুল কালামকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। পরে ১০ সেপ্টেম্বর তিনি মারা যান।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন পল্লবী থানার উপ-পরিদর্শক বজলুর রহমান। রিপোর্টে সাক্ষীরা সই করেন।
সাক্ষীদের জেরা করার প্রয়োজন না থাকায় আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেননি বলে বিডিনিউজ ২৪ ডটকমকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ।
তিনি জানান, ৫ মার্চ সুরতহাল রিপোর্ট তৈরির অন্যান্য সাক্ষী সাইজুদ্দিন, আ. জব্বার, নিজাম উদ্দিন, আলম সরদার এবং মিজানুর রহমানকে আদালতে হাজির করা হবে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় গত ১১ জুন বিস্ফোরণ ও হত্যার পৃথক মামলায় দু'টি অভিযোগপত্র দাখিল করে সিআইডি।
বিডিনিউজ ২৪ ডটকম/পিবি/এএম/টিআর/১৭২৪ঘ.
bdnews24