২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন বিএনপির সাবেক সাংসদ শহীদুল ইসলাম

সম্পদের তথ্য গোপন মামলায় বিএনপির সাবেক সাংসদ শহীদুল ইসলামকে সোমবার জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 12:19 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপন মামলায় বিএনপির সাবেক সাংসদ শহীদুল ইসলামকে সোমবার জামিন দিয়েছে আদালত। তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল না করা পর্যন্ত তার জামিন বহাল থাকবে। ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক এ এম এম বশির উল্লাহ সোমবার এ আদেশ দেন। রোববার অধ্যাপক শহীদ এ আদালতে আত্মসমর্র্পন করেন। বিচারক তার আদেশে বলেন, ''মামলা দায়েরের পর ১১ মাস পেরিয়ে গেলেও দুর্নীতি দমন কমিশন অভিযোগপত্র দাখিল করতে পারেনি। এছাড়া অভিযুক্ত জামিনের জন্য হাইকোর্টে গেলে আদালত তাকে ৮ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে হাজির হতে বলেছেন। জামিনের বিষয়টি সংশ্লিষ্ট আদালত বিবেচনা করবেন। যেহেতু আসামীর বিরুদ্ধে আর কোনো মামলা নেই তাই তাকে ১ লাখ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করা হলো।" একই মামলায় অপর অভিযুক্ত তার স্ত্রী সেলিনা শহীদ জামিনে রয়েছেন। ২০০৮ সালের ৬ এপ্রিল কুষ্টিয়া - ২ আসনের সাবেক সাংসদ শহীদুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অবৈধভাবে সম্পদ অর্জনের একটি মামলা দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ৫৬ লাখ ৪৯ হাজার ১ শ' ৪৪ টাকার সম্পদের তথ্য গোপন ও ১ কোটি ৩০ লাখ ৯২হাজার ৮ শ' ৪৪ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছে। জামিনের শুনানিতে অভিযুক্তের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট জয়নাল আবেদিন মেজবাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/টিআর/এইচএ/১৮১৬ ঘ.