ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আসন্ন উপ-নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপি।
দৃশ্যত সরকারের প্রতি ইঙ্গিত করে দলটি অভিযোগ করেছে, বিভিন্ন এলাকায় নির্বাচনী কর্মকর্তাদের হয়রানি করা হচ্ছে।
মঙ্গলবার বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদার সঙ্গে বৈঠকে এ দাবি তুলে ধরে।
বিএনপির সিনিয়র সহ সভাপতি এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের কাছে বিএনপি'র নেতাকর্মীদের 'ভয়ভীতি প্রদর্শন' বন্ধ ও প্রশাসন যাতে নিরপেক্ষ ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি জানানো হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় 'ত্রাসের রাজত্ব কায়েম' করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এম কে আনোয়ার বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) 'যথাযথ ব্যবস্থা' নেওয়া হচ্ছে বলে তাদের আশ্বাস দিয়েছেন।
বৈঠকে অন্য দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেনও উপস্থিত ছিলেন।
আগামী ২ এপ্রিল ছয়টি আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসনগুলো হল বগুড়া-৬ ও ৭, কিশোরগঞ্জ-৬, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও ৩।
বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগের সাংসদ শেখ হেলালউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
২৯ ডিসেম্বরের সংসদ ও ২২ জানুয়ারির উপজেলা নির্বাচনে বিভিন্ন 'অনিয়মের' অভিযোগ তুলে ধরে এম কে আনোয়ার বলেন, ভোটগ্রহণ ও সুষ্ঠুভাবে ভোট গণনার জন্য ইসির কাছে সুস্পষ্ট কিছু প্রস্তাবও দেওয়া হয়েছে।
তিনি জানান, নির্বাচনকে প্রভাবিত করার জন্যই প্রচারাভিযানের সময় সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ইসির কাছে অভিযোগ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে এমকে আনোয়ার বলেন, বিরোধী দলীয় নেত্রী নির্বাচনী আচরণ বিধি মেনেই কাজ করবেন।
উপ-নির্বাচনের প্রচারাভিযানে অংশ না নেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, চিপ হুইপ ও হুইপদের চিঠি দিয়েছেন।
বিএনপি প্রতিনিধি দলে আরো ছিলেন দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবেদীন ফারুক, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/এসকে/১৮৪৫ ঘ.
bdnews24