২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের পরিণতি থেকে শিক্ষা নিয়ে জনস্বার্থে কাজ করুন: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, "ধন-সম্পদ কাউকে ক্ষমতায় নিতে পারে না এবার তা প্রমাণ হয়ে গেছে। সবাইকে নিকট অতীত থেকে এই শিক্ষা নিয়ে আত্মত্যাগ করতে হবে।" (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, "ধন-সম্পদ কাউকে ক্ষমতায় নিতে পারে না এবার তা প্রমাণ হয়ে গেছে। সবাইকে নিকট অতীত থেকে এই শিক্ষা নিয়ে আত্মত্যাগ করতে হবে।" তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে শুক্রবার বিকালে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দলের সভানেত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে শেখ হাসিনা বলেন, জনগণ আওয়ামী লীগ ও মহাজোটকে ভোট দিয়ে যে আস্থা ও বিশ্বাস রেখেছে তা রক্ষা করতে হবে। আস্থা-বিশ^াসের প্রতি সম্মান দেখাতে হবে। জনস্বার্থে কাজ করতে হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে। দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। তিনি বলেন, "আমি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে বলতে চাই- মানষের অতীত থেকে শিক্ষা নিতে হয়। চারদলীয় জোট ক্ষমতায় এসে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করেছিলো, দুর্নীতির পথ বেছে নিয়ে অবৈধভাবে ধন-সম্পদের পাহাড় গড়ে তুলেছিলো। "তারা প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ক্ষমতার ভিতকে শক্ত করতে চেয়েছিলো। ভেবেছিলো ক্ষমতা তাদের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত হবে। কিন্তু, দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের দুর্নীতি, অপকর্মের জবাব দিয়েছে। তাদের থেকে আমাদের শিক্ষা নিয়ে জণগনের জন্য কাজ করতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।" প্রধানমন্ত্রী বিগত তত্ত্বাবধায়ক সরকারের কর্মকান্ডেরও সমালোচনা করেন। তিনি বলেন, "আমাদের আন্দোলন সংগ্রামের ফলে তত্ত্বাবধায়ক সরকার এসেছিলো। তারা নির্বাচন না দিয়ে দুই বছর সময় নষ্ট করেছে। চার দলীয় সরকারের মত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরেও দেশে অনেক কিছু হয়েছে। "তবে তাদের ধন্যবাদ জানাই ভোটার তালিকার জন্য। এ কারণে দেশের মানুষ ২৯ ডিসেম্বর স্বাধীন ও শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিল।" শেখ হাসিনা তার সরকারের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, তিন মাসের সরকারে আমাদের অনেক ঘাত প্রতিঘাত পার হতে হচ্ছে। এর মধ্যেও নির্বাচনী ওয়াদা অনুযায়ী চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে সক্ষম হয়েছি। তেলের দাম আমরা কমিয়েছি। এছাড়া সরকার অন্যান্য সমাস্যা সমাধানেরও চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান। দেশ পরিচালনায় সকলের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের একমাত্র লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। মানুষ যেনো অন্তত শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারে আমরা সে ব্যবস্থা করবো। বিগত জোট সরকার বিদ্যুৎ উৎপাদানে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, বিদ্যুৎ সমস্যা মেটানো সময় সাপেক্ষ ব্যাপার। এজন্য মানুষকে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে। শেখ হাসিনা জানান, দায়িত্ব নিয়েই তার সরকার বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে। সরকার জনগণের সব সমস্যার সমাধান করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আলোচনা সবায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সভাপতি মন্ডলির সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আতাউর রহমান খান কায়সার, সাংগঠনিক সম্পাদক সুলতান মুহম্মদ মনসুর আহমেদ, আব্দুর রাহমান, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামরুল ইসলাম ও যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১৫৭ঘ.