ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জঙ্গিদের কারা কীভাবে অর্থায়ন করছে সে বিষয়ে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ।
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অনুষ্ঠেয় 'ফিফটিনথ অ্যানুয়াল প্যাসিফিক স্পেশাল কমান্ড প্রোগ্রাম' এ যোগ দিতে ঢাকা ছাড়ার আগে শুক্রবার দুপুরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আগামী ২৯ মার্চ-৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে মোট ২০ টি দেশ অংশ নিচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধ দল এতে যোগ দেবে।
এ অনুষ্ঠান সম্পর্কে তানজিম আহমেদ বলেন, "এ সম্মেলনে কাউন্টার টেরোরিজম নিয়ে আলোচনা হবে। জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় আমাদের দেশের পক্ষ থেকে বিভিন্ন দেশের সঙ্গে কীভাবে সমন্বয় করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। এছাড়া এক্ষেত্রে নিরাপত্তামূলক কী ব্যবস্থা নেওয়া যায় সেগুলোও দেখব।"
বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় যা যা প্রয়োজন বৈঠকে সেগুলোও চাওয়া হবে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, "কীভাবে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে জঙ্গিবাদ মোকাবেলা করা যায় তা এ সম্মেলনে আমরা আলোচনা করব। এখানে সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক টাস্কফোর্সের বিষয়টিও আসবে।"
সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, "আমাদের যেমন সহযোগিতা করতে হবে তেমনি প্রয়োজনে সহযোগিতা নিতেও হবে। বিভিন্ন দেশের সঙ্গে মিলেমিশেই জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ করতে হবে।"
ভোলায় অস্ত্র উদ্ধারের ঘটনায় ব্রিটিশ নাগরিক ফয়সালকে আসামি করা হয়নি কেন-এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "জঙ্গিসংগঠন বা জঙ্গি যে বেশেই থাকুক বা যে দেশের নাগরিকই হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। গোয়েন্দা সংস্থাগুলো এদের মনিটর করছে।"
অপর এক প্রশ্নের জবাবে তানজিম আহমেদ বলেন, "কোন ধরনের ঘটনা ছাড়াই স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ থেকে বোঝা যায়, দেশে জঙ্গিরা নিয়ন্ত্রণে রয়েছে।"
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাধ্যমতো কাজ করছে বলে তিনি জানান।
মেট্রোপলিটন এলাকার পুলিশকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে নেওয়া প্রসঙ্গে তানজিম আহমেদ বলেন, এ বিষয়ে সব সিদ্ধান্ত সংসদ থেকে আসবে। আমার কিছু বলার নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফ/এইচএ/১৭৫০ঘ.
bdnews24