বগুড়া, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মমতাজ উদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার কাছে লিখিতভাবে এ অভিযোগ করেন এ আসনে বিএনপির প্রার্থী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
সিইসি অভিযোগটি তদন্তের জন্য রিটার্নিং কর্মকর্তা উপ নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মূসাকে নির্দেশ দেন।
এ সময় জমির উদ্দিন নিজেও সেখানে উপস্থিত ছিলেন।
২ এপ্রিল উপনির্বাচন সামনে রেখে বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি। সেখান থেকে তিনি রংপুর যান।
অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ প্রার্থী এবং দলের জেলা কমিটির সভাপতি মমতাজ উদ্দিন ভোটারদের মাঝে ভারনারেবল গ্র"প ফিডিংয়ের (ভিজিএফ) চাল বিতরণের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।
এছাড়াও বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থীর সমর্থকদের মারধর এবং হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মূসা অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান নির্বাচন কমিশনার অভিযোগটি গ্রহণ করে তদন্তের জন্য আমাকে নির্দেশ দিয়েছেন।"
তিনি বলেন, "তদন্তের জন্য সংশ্লিষ্ট কমিটির কাছে অভিযোগটি পাঠানো হয়েছে। পুলিশ সুপারকেও অভিযোগের একটি অনুলিপি দেওয়া হয়েছে।"
ভিজিএফ কর্মসূচির চাল ভোটারদের মাঝে বিতরণের অভিযোগ নাকচ করে দিয়ে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নই যে চাল বিতরণ করব। যদি কেউ আমাকে দিয়ে কোন কর্মসূচির উদ্বোধন করায় তাহলে আমার কি করার আছে।"
বিএনপি সমর্থকদের ওপর হামলার ঘটনাকে মিথ্যা দাবি করে তিনি বলেন, "এ ধরনের ঘটনা ঘটলে অবশ্যই পত্র-পত্রিকায় লেখা হতো।"
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, মমতাজ উদ্দিন চাল বিতরণ করছেন- স্থানীয় একাধিক পত্রিকায় সে ছবি ছাপা হয়েছে। এ ছবি অভিযোগপত্রের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা চালানোর সময় সদরের উপজেলার গোকুল এলাকায় এবং পোস্টার লাগানোর সময় শহরের বিহারী কলোনি এলাকায় 'প্রতিপক্ষ দলের' লোকজন বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।
বিভিন্ন স্থানে তারা ভয়ভীতি দেখাচ্ছে বলেও রেজাউল করিম জানান।
তিনি উপনির্বাচন সুষ্ঠু না হওয়ার ব্যাপারে তার সন্দেহের কথা জানিয়ে বলেন, "আমরা ঝুঁকিপূর্ণ অন্তত ৪০টি কেন্দ্রের একটি তালিকা নির্বাচন কমিশনকে দিয়েছি এবং সেগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে বলেছি।"
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মূসা বলেন, "এ রকম তালিকা আমাদেরও তৈরি করা আছে; তার সঙ্গে ওই তালিকা মিলিয়ে দেখা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.
bdnews24