২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা দখলের মামলায় অব্যাহতি পেলেন এরশাদ

অবৈধভাবে ক্ষমতা দখলের অভিযোগে সাবেক সেনাশাসক রাষ্ট্রপতি এইচএম এরশাদের বিরুদ্ধে দায়ের করা মামলার ১৯ বছর পর অব্যাহতি পেলেন তিনি। ঢাকা মহানগর হাকিম সৈয়দা মিনহাজুম মুনিরা এ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সোমবার এরশাদকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। (সংশোধনসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 05:02 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ক্ষমতা দখলের অভিযোগে সাবেক সেনাশাসক রাষ্ট্রপতি এইচএম এরশাদের বিরুদ্ধে দায়ের করা মামলার ১৯ বছর পর অব্যাহতি পেলেন তিনি। ঢাকা মহানগর হাকিম সৈয়দা মিনহাজুম মুনিরা এ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সোমবার এরশাদকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ সুপার মন্সুর আলী মন্ডল সোমবার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। ১৯৯০ সালের ১২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি বর্তমানে সাংসদ হাসানুল হক ইনু মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট আদালতের জিআরও উপ-পরিদর্শক আলি আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত কমকর্তা গত ৩০ জানুয়ারি এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর কোনো বক্তব্য আছে কিনা জানতে আদালত তাকে নোটিশ পাঠায়। সোমবার বাদীর উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। কিন্তু বাদী হাসানুল হক ইনু আদালতে হাজির না হওয়ায় আদালত চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে এবং এরশাদকে অব্যাহতি দেয়। তিনি জানান, অভিযোগের স্বপক্ষে তদন্ত কর্মকর্তা কোন বস্তুনিষ্ঠ আলামত বা দালিলিক প্রমাণ না পাওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। মামলার এজাহারে বলা হয়, "জনৈক এইচএম এরশাদ বাংলাদেশের প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্র এবং আইনানুগ সরকারকে উচ্ছেদের চক্রান্তে লিপ্ত হয়ে ১৯৮২ সালের ২৪ মার্চ রাতে সশস্ত্র লোকজন নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন। তিনি জোরপূর্বক আইনানুগভাবে নির্বাচিত তদানীন্তন রাষ্ট্রপতি বিচারপতি মরহুম আব্দুস সাত্তারকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করান। একইভাবে ওইদিন তিনি সংবিধান স্থগিত করে বেতার ও টেলিভিশনে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। এছাড়া ১৯৮৪ ও ১৯৮৮ সালে ভোট প্রহসনের নির্বাচন করে ভোটের ফলাফল নিজের অনুকূলে ঘোষণা করেন।" এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পর ১৯৯০ সালে তার পতন হলে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হয়। এরপর থেকে ক্ষমতায় থাকা প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যেই তার একদা-ধিকৃত জাতীয় পার্টির সঙ্গে কৌশলগত মিত্রতার চেষ্টা দেখা গেছে। জাতীয় পার্টির এরশাদ নেতৃত্বাধীন অংশ ও জাসদ (ইনু) ক্ষমতাসীন মহাজোটের মিত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/এইচএ/২৩০০ঘ.