ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে রোববার রাতে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বসে।
গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে রাত ৮টা থেকে সোয়া ১০ টা পর্যন্ত এ বৈঠক চলে। সোমবার সন্ধ্যায় একই স্থানে আবার বৈঠক বসবে।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বৈঠক শেষে রাতে সাংবাদিকদের একথা জানান।
রোববারের বৈঠকে চট্টগ্রাম বিভাগের তৃণমূল পর্যায়ের সংগঠনের প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।
এর আগে দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টায় বৈঠক শুরু হয়েছে। চেয়ারপার্সন খালেদা জিয়া এ বৈঠকে সভাপতিত্ব করছেন।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্যের মধ্যে এম সাইফুর রহমান,খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গনি, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।
দলের পুনর্গঠনের জন্য যুগ্ম মহাসচিবদের নিয়ে গঠিত ৬টি সাংগঠনিক কমিটির প্রতিবেদন নিয়ে আলোচনা হবে স্থায়ী কমিটির এ বৈঠকে। ইতিমধ্যে প্রতিবেদনগুলো খালেদা জিয়ার কাছে জমা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২৩২ঘ.
bdnews24